ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হয়েছে ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপ সাহারা ইন্ডিয়া পরিবারের সহযোগী প্রতিষ্ঠান অ্যাম্বি ভ্যালি (মৌরিসাস) লিমিটেড।
সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় জাতীয় দলের স্পন্সর ছাড়াও আরো কয়েকটি স্পন্সর সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জাতীয় দলের স্পন্সর ছাড়াও পোষাক, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি, টাইটেল স্পন্সর ও ইন-স্টেডিয়া স্পন্সরশিপ, হোভার কাভার ব্র্যান্ডিং, প্যাভিলিয়ন ব্র্যান্ডিং, ইলেকট্রনিক ডিসপ্লে¬ বোর্ড ও ম্যানুয়েল স্কোর বোর্ডেরও স্পন্সর হয়েছে অ্যাম্বি ভ্যালি।
২০১৪ ও ২০১৫ সালের টাইটেল স্পন্সর হয়েছে এক্সিম টেকনোলজিস। এ বছর থেকে ২০১৫ সাল পর্যন্ত পানীয় ও টিকেট স্বত্বও পেয়েছে তারা।
সব মিলিয়ে স্পন্সরশিপ থেকে প্রায় ১১৩ কোটি টাকা আয় করার কথা এক ইমেইল বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি।
বিসিবির সভায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়ী বাংলাদেশ দলকে ৫ লক্ষ টাকা দেয়ার সিদ্ধান্তও নেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৩৭ঘ.
bdnews24