ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ‘মিশন সুসম্পন্ন’- প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীরের উপলব্ধি। রোববার øায়ুক্ষয়ী ফাইনালে মাথা ঠান্ডা রেখে দলকে জয় এনে দেয়ায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও মনোজ তিওয়ারি প্রশংসায়ও তিনি পঞ্চমুখ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গম্ভীর বলেন, “শুরুটা কেমন হলো তা কোনো ব্যাপার নয়। শেষটা কেমন হলো সেটাই আসল কথা। সাকিব আর মনোজের দুটো ছোট্ট আক্রমণাত্মক ইনিংস আমাদের জয় এনে দিয়েছে।”
সাকিব (৭ বলে ১১*) ও তিওয়ারি (৩ বলে ৯*) লক্ষ্যে পৌঁছে দিলেও কলকাতার জয়ে সবচেয়ে বড় অবদান মানভিন্দর বিসলার। ৪৮ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ম্যাচ সেরাও তিনি। অথচ ফাইনালে তার খেলারই কথা ছিলো না।
পেসার লক্ষ্মীপতি বালাজি চোটে পড়ায় ব্রেট লিকে দলে নেয় কলকাতা। আইপিএলের নিয়ম অনুযায়ী একটি দল সর্বোচ্চ চারজন বিদেশীকে খেলাতে পারে। তাই বাদ পড়েন উইকেট রক্ষক-ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম। তার জায়গায় সুযোগ পান বিসলা।
বিসলার ইনিংসের প্রশংসা করে গম্ভীর বলেন, “টি-টোয়েন্টিতে এটি আমার দেখা অন্যতম সেরা ইনিংস। বিশেষ করে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে তাদেরই মাঠে খেলার চাপের কথা বিবেচনায় এটি অতুলনীয়। ঘরের মাঠে খেলার কারণে পরিবেশ-পরিস্থিতি তাদের (চেন্নাই) অনুকূলে ছিলো। অথচ এমন কঠিন পরিস্থিতিতে ৪৮ বলে ৮৯ রান করে সে (বিসলা) নিজের দৃঢ়তারই পরিচয় দিয়েছে।”
এমন একটি ইনিংস খেলে বিসলাও ভীষণ উচ্ছ্বসিত। তিনি বলেন, “আমি ভাবতেও পারিনি এতটা ভালো খেলতে পারবো। ফাইনালে ভালো খেলে দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮৪৯ঘ.
bdnews24