২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চেন্নাইকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা

শ্বাসরুদ্ধকর ফাইনালে চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 02:10 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্বাসরুদ্ধকর ফাইনালে চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স। কঠিন এক সময়ে ব্যাট করতে নেমে ৭ বলে ১১ রানের ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেন সাকিব। এর আগে বল হাতে ৩ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে সুরেশ রায়না ও মাইক হাসির অর্ধশতকের সুবাদে ৩ উইকেটে ১৯০ রান করে চেন্নাই। জবাবে মানভিন্দর সিং বিসলা ও জ্যাক ক্যালিসের অর্ধশতকের সুবাদে ১৯ ওভার ৪ বলে ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। লক্ষ্য তাড়া করতে নেমে কালকাতার শুরুটা খুব একটা ভালো হয়নি। ৩ রানেই সাজঘরের পথ ধরেন অধিনায়ক গৌতম গম্ভীর (২)। দ্বিতীয় উইকেটে ক্যালিসের সঙ্গে বিসলার ১৩৬ রানের জুটি প্রাথমিক ধাক্কা সামলে খুব ভালো অবস্থানে নিয়ে আসে কলকাতাকে। দলীয় ১৩৯ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে বিসলা খেলেন ৮৯ রানের ঝকঝকে এক ইনিংস। তার ৪৮ বলের ইনিংসে ৮টি চার ও ৫টি ছক্কা। এর পর লক্ষ্মী শুক্লা (৩) ও ইউসুফ পাঠানের (১) দ্রুত বিদায়ে কিছুটা চাপে পড়ে কলকাতা। অর্ধশতকে পৌঁছানোর বিছুক্ষণ পরেই হ্যামস্ট্রিংয়ে চোট অনুভব করা ক্যালিসের (৬৯) বিদায় দলের বিপদ বাড়ায় আরো। ক্যালিসের ৪৯ বলের ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কা। শেষ পর্যন্ত ষষ্ঠ উইকেটে মনোজ তিওয়ারীর (৯*) সঙ্গে সাকিবের অবিচ্ছিন্ন ১৭ রানের জুটি কলকাতাকে জয় এনে দেয়। কলকাতার দারুণ ব্যাটিংয়ে দুশর কাছাকাছি স্কোর গড়েও টানা তৃতীয় শিরোপা জেতা হল না চেন্নাইয়ের। এর আগে মুরালি বিজয়ের সঙ্গে হাসির ৮৭ রানের উদ্বোধনী জুটি চেন্নাইকে দারুণ সূচনা এনে দেয়। রজত ভাটিয়ার বলে স্লগ সুইপ করতে গিয়ে সাকিব আল হাসানের দুর্দান্ত ক্যাচের শিকার হয়ে বিজয় (৪২) বিদায় নিলে প্রথম উইকেট হারায় টানা দুবারের চ্যাম্পিয়নরা। দ্বিতীয় উইকেটে রায়নার সঙ্গে ৭৩ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন হাসি। দলীয় ১৬০ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে তিনি করেন ৫৪ রান। হাসির ৪৩ বলের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা। ইনিংসের শেষ বলে আইপিলের প্রত্যেক আসরে চারশর বেশি রান করা রায়নাকে (৭৩) সাজঘরে ফেরান সাকিব। রায়নার ৩৮ বলের ইনিংসে ৩টি চার ও ৫টি ছক্কা। ফাইনালের উইকেটে লিগ পর্বের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ২০৫ রানের লক্ষ্য তাড়া করে জেতে টানা দুবারের চ্যাম্পিয়ন চেন্নাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০১৭ ঘ.