ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা ক্লাব ক্রিকেট লিগে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। শুক্রবার শেখ জামাল ২ উইকেটে বিকেএসপিকে ও সিসিএস ৮ উইকেটে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে।
বিকেএসপি-শেখ জামাল
বিকেএসপির দুই নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩৮ রান করে বিকেএসপি। সর্বোচ্চ ৩৪ রান করেন ফারজানা। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে নুজহাতের ব্যাট থেকে।
শেখ জামালের পান্না ঘোষ ও মাহমুদা খান দুটি করে উইকেট নেন।
জবাবে ৩৮ ওভার ৩ বলে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শেখ জামাল। অধিনায়ক চামেলী খাতুন ২৩, মুন্তাহা খাতুন ২১ ও শ্রীপালি ২০ রান করেন। সর্বোচ্চ ২৮ রান আসে অতিরিক্ত থেকে।
বিকেএসপির পক্ষে তৃপ্তি মণ্ডল ও ফারজানা দুটি করে উইকেট নেন।
সিসিএস-ওরিয়েন্ট
বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ২৬ ওভার ৩ বলে মাত্র ৩২ রানে অলআউট হয়ে যায় ওরিয়েন্ট। সর্বোচ্চ ১৫ রান আসে অতিরিক্ত থেকে। কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।
৬ রানে ৫ উইকেট নিয়ে দিতি রানী সিসিএসের সেরা বোলার।
জবাবে সমাপ্তি (১) ও জিনাত আলমের (০) উইকেট দুটি হারিয়ে ৯ ওভার ৩ বলে লক্ষ্যে পৌঁছে যায় সিসিএস। ইশমা তানজিম ১৪ ও ফারজানা আক্তার ১০ রানে অপরাজিত থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৬৪৮ঘ.
bdnews24