ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ে সফরের আগে ফিটনেস ফিরে পেতে কন্ডিশনিং ক্যাম্পে কঠোর পরিশ্রম করছেন ক্রিকেটাররা। জাতীয় দলের ট্রেনার গ্র্যান্ট লুডেন সফরে যাওয়ার আগেই ক্রিকেটারদের পুরোপুরি ফিটনেস ফিরে পাওয়ার ব্যাপারে দারুণ আশাবাদী।
বৃহস্পতিবার মিরপুরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে অনুশীলন শেষে লুডেন বলেন, “অনেক দিন খেলার বাইরে থাকায় ক্রিকেটারদের ওজন খানিকটা বেড়েছে। তবে প্রতিদিনই তাদের ফিটনেসের উন্নতি হচ্ছে।”
ওজন বেড়ে যাওয়ার কথা মানছেন অলক কাপালীও। তবে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যানের বিশ্বাস, ব্যস্ত সূচীর ফাঁকে ক্রিকেটারদের বিশ্রামেরও দরকার ছিল।
তিনি বলেন, “অনেকদিন খেলা না থাকায় আমাদের সবারই ওজন কিছুটা বেড়েছে। তবে আমার মনে হয় কন্ডিশনিং ক্যাম্প শুরু হওয়ায় সফরের আগেই খেলোয়াড়রা ফিটনেস ফিরে পাবে।”
“টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের কোনো আন্তর্জাতিক ম্যাচ ছিল না। তাই বিশ্বকাপের প্রস্তুতি নেয়ার জন্য এটা একটা ভালো সুযোগ,” যোগ করেন অলক।
এশিয়া কাপের সাফল্য জিম্বাবুয়েতেও জাতীয় দলকে ভালো খেলার অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন অলক।
শুভাগত হোম চৌধুরীর ধারণা, ক্রিকেটারদের ফিটনেস নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। এই অলরাউন্ডার বলেন, “আমাদের ফিটনেস নিয়ে শঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি। খেলোয়াড়রা সবাই পেশাদার।”
“কন্ডিশনিং ক্যাম্পে সবাই কঠোর অনুশীলন করছে। ফিটনেস মোটামুটি গ্রহণযোগ্য পর্যায়ে চলে এসেছে,” যোগ করেন তিনি।
শুক্রবার এবং শনিবারও কন্ডিশনিং ক্যাম্প চলবে। রোববার থেকে অনুশীলনের পাশাপাশি স্কিল নিয়েও কাজ শুরু করতে পারেন ক্রিকেটাররা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৫০ঘ.
bdnews24