২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের কোচ হতে আগ্রহী নিওয়েল

বাংলাদেশের কোচ হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন ইংল্যান্ডের কাউন্টি ক্লাব নটিংহ্যামশায়ারের ক্রিকেট পরিচালক মিক নিওয়েল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2012, 03:42 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের কোচ হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন ইংল্যান্ডের কাউন্টি ক্লাব নটিংহ্যামশায়ারের ক্রিকেট পরিচালক মিক নিওয়েল। যদিও এখনও পর্যন্ত স্টুয়ার্ট লয়ের উত্তরসূূরী হিসেবে বিসিবির প্রথম পছন্দ পাকিস্তানের সাবেক কোচ রিচার্ড পাইবাস। কয়েক দিন আগে বাংলাদেশ সফর করে যাওয়া পাইবাসের সঙ্গে বিসিবির মূলত আর্থিক কারণে সমঝোতা হয়নি এখনও। তবে পাইবাসসহ আরো দুজন কোচের সঙ্গে যোগাযোগ রাখছে বিসিবি। বাংলাদেশের কোচ হওয়া প্রসঙ্গে নিওয়েল বলেন, “এটা অনেক বড় একটি সিদ্ধান্ত। তবে আমি আন্তর্জাতিক পর্যায়ে কোচিং করাতে চাই।” “এ ব্যাপারে একজন এজেন্টের সঙ্গে আমি কয়েক দফা আলোচনা করেছি। এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে আমার আরো তথ্য প্রয়োজন। তাছাড়া এখনও পর্যন্ত বিসিবির সঙ্গে আমার সরাসরি যোগাযোগও হয়নি,” যোগ করেন তিনি। নটিংহ্যামশায়ারের দায়িত্ব উপভোগ করছেন জানিয়ে নিওয়েল বলেন, “এখান থেকে বিদায় নেয়া খুব কঠিন হবে।” গত জুলাইয়ে স্টুয়ার্ট ল দায়িত্ব নেয়ার আগেও বাংলাদেশের কোচ হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন নিওয়েল। গত বছর নটিংহ্যামশায়ারে তার অধীনেই তামিম ইকবাল খেলেছিলেন। এ ব্যাপারে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে যোগাযোগ করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এই মুহূর্তে পরবর্তী কোচের নাম বলা খুব কঠিন। এ ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে বলা যায়, এ মাসের শেষ নাগাদ কোচ নিয়োগ চূড়ান্ত হতে পারে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৩৭ঘ.