২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্রাউসের শতকে লর্ডস টেস্টে চালকের আসনে ইংল্যান্ড

অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের অপরাজিত শতকের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্টে চালকের আসনে রয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৩ উইকেটে ২৫৯ রান করেছে স্বাগতিকরা। ৭ উইকেট হাতে নিয়ে ১৬ রানে এগিয়ে গেছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2012, 05:44 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের অপরাজিত শতকের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্টে চালকের আসনে রয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৩ উইকেটে ২৫৯ রান করেছে স্বাগতিকরা। ৭ উইকেট হাতে নিয়ে ১৬ রানে এগিয়ে গেছে দলটি। অ্যলিস্টার কুকের (২৬) সঙ্গে স্ট্রাউসের ৪৭ রানের উদ্বোধনী জুটি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলটিকে ভালো সূচনা এনে দেয়। কেমার রোচের বলে বোল্ড হয়ে কুক বিদায় নিলেও দ্বিতীয় উইকেটে জোনাথন ট্রটের (৫৮) সঙ্গে ১৪৭ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন স্ট্রাউস। তৃতীয় উইকেটে কেভিন পিটারসেনের সঙ্গে ৫০ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন তিনি। মারলন স্যামুয়েলসের বলে উইকেটরক্ষক দিনেশ রামদিনের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৩২ রান করেন পিটারসেন। স্ট্রাউস ১২১ ও ইয়ান বেল ৫ রানে ব্যাট করছেন। ২০১০ সালের ডিসেম্বরের পর এই প্রথম টেস্ট শতক পেলেন স্ট্রাউস। লর্ডসে ইংল্যান্ড অধিনায়কের এটি পঞ্চম শতক। তার ২৪৯ বলের ইনিংসে ১৯টি চার। এর আগে ৯ উইকেটে ২৪৩ রান নিয়ে দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম বলেই গ্রায়াম সোয়ানের ক্যাচ বানিয়ে স্টুয়ার্ট ব্রড শ্যানন গ্যাব্রিয়েলকে ফিরিয়ে দিলে ঐ রানেই গুটিয়ে যায় অতিথিরা। ৭২ রানে ৭ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার ব্রড। এটি তার ক্যারিয়ার সেরা বোলিং। সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ২৪৩ (বারাথ ৪২, পাওয়েল ৫, কার্ক, ব্রাভো ২৯, চন্দরপল ৮৭*, স্যামুয়েলস ৩১, রামদিন ৬, স্যামি ১৭, রোচ ৬, ফিদেল ২, গ্যাব্রিয়েল ০; ব্রড ৭/৭২, অ্যান্ডারসন ২/৫৯) ইংল্যান্ড: ২৫৯/৩ (স্ট্রাউস ১২১*, কুক ২৬, ট্রট ৫৮, পিটারসেন ৩২, বেল ৫*; স্যামুলেস ১/৩৪, রোচ ১/৫৯, স্যামি ১/৬৬ ) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৪১ ঘ.