ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক ম্যাচ পরে দলে ফিরলেন অলরাউন্ডার সাকিব আল হাসান আর জিতল তার দল কলকাতা নাইট রাইডার্স। মুম্বাই ইন্ডিয়ান্সকে ৩২ রানে হারিয়ে প্লে অফে খেলার সম্ভাবনা অনেকখানি উজ্জ্বল করে তুলেছে কলকাতা।
ব্যাট হাতে বেশি কিছু করতে পারেন নি সাকিব। ১২ বলে ১৩ রান করেই বিদায় নেন তিনি। তবে বল হাতে বেশ উজ্জ্বল তিনি, ৪ ওভারে ২৫ রান দিয়ে তুলে নেন অম্বতি রাইডুর উইকেটটি।
এই জয়ের ফলে ১৫ খেলায় ১৯ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে উঠে এসেছে কলকাতা। আর হারের পরও সমান খেলায় ১৮ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে মুম্বাই।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪০ রান করে কলকাতা। জবাবে ১৯ ওভার ১ বলে ১০৮ রানে অলআউট হয়ে যায় মুম্বাই।
লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ রানেই হার্শেল গিবস (১৩) সাজঘরের পথ ধরেন। দ্বিতীয় উইকেটে দীনেশ কার্তিকের (২০) সঙ্গে শচীন টেন্ডুলকারের ৩৪ রানের জুটি ধাক্কা সামাল দিয়ে ভালো অবস্থানে নিয়ে আসে মুম্বাইকে।
এগারোতম ওভারের শেষ বলে সুনীল নারায়ণ টেন্ডুলকারকে (২৭) বোল্ড করে ফিরিয়ে দিলে বড় একটা ধাক্কা খায় স্বাগতিকরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ক্রমশ দূরে সরে যায় দলটি।
শেষ পর্যন্ত রোহিত শর্মার ১২ ও রাইডুর ১১ রানের সুবাদে একশ পেরোয় মুম্বাই।
১৫ রানে ৪ উইকেট নিয়ে সুনীল কলকাতার সেরা বোলার।
এর আগে ব্যাট করতে নেমে ৬ রানের মধ্যে ব্রেন্ডন ম্যাককালাম (১) ও জ্যাক ক্যালিসের (০) বিদায়ে শুরুটা মোটেও ভালো হয়নি অতিথিদের। তৃতীয় উইকেটে অধিনায়ক গৌতম গম্ভীরের (২৭) সঙ্গে ৩৮ ও চতুর্থ উইকেটে সাকিবের সঙ্গে ৪৫ রানের ছোট কিন্তু কার্যকর জুটি গড়ে ধাক্কা সামাল দেন মনোজ তিওয়ারী (৪১)।
দলীয় ৮৯ রানে সাকিবের বিদায়ের ২ রান পর তিওয়ারীও সাজঘরের পথ ধরলে অস্বস্তি¡তে পড়ে কলকাতা।
শেষ পর্যন্ত ইউসুফ পাঠানের ২১ রানের অপরাজিত ইনিংসের সুবাদে লড়াইয়ের পুঁজি গড়ে কলকাতা।
৩৩ রানে ২ উইকেট নিয়ে রুদ্র প্রতাপ মুম্বাইয়ের সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০১৭ ঘ.
bdnews24