২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাদ পড়ার আশঙ্কায় চেন্নাই

গত দুবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবার লিগ পর্ব থেকেই বাদ পড়ার আশঙ্কায়! বৃহস্পতিবার আইপিএলের প্রথম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ৬ উইকেটে হেরে যাওয়ায় প্রথম চার দলের মধ্যে না থাকার শঙ্কায় জর্জরিত চেন্নাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 02:03 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত দুবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবার লিগ পর্ব থেকেই বাদ পড়ার আশঙ্কায়! বৃহস্পতিবার আইপিএলের প্রথম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ৬ উইকেটে হেরে যাওয়ায় প্রথম চার দলের মধ্যে না থাকার শঙ্কায় জর্জরিত চেন্নাই। ষোড়শ অর্থাৎ শেষ ম্যাচ খেলে ফেলা চেন্নাইয়ের সংগ্রহ ১৭ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই আছে পাঞ্জাব। ১৪টি করে ম্যাচ খেলা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালসের পয়েন্ট যথাক্রমে ১৫ ও ১৪। চেন্নাই হেরে যাওয়ায় সবচেয়ে লাভবান কলকাতা নাইট রাইডার্স (১৫ ম্যাচে ১৯ পয়েন্ট)। তাদের শেষ চারে থাকা নিশ্চিত হয়ে গেছে। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চেন্নাইয়ের অসহায় আত্মসমর্পণের জন্য দায়ী ব্যাটসম্যানরা। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৭ উইকেটে ১২০ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। ৪৩ বলে ৪৮ রান করা ডোয়াইন ব্রাভো ছাড়া চেন্নাইয়ের আর কেউ ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান সুরেশ রায়নার। পাঞ্জাবের হয়ে দুটো করে উইকেট নিয়েছেন প্রাভিন কুমার, আজহার মেহমুদ ও পারভিন্দার আওয়ানা। জবাবে অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্টের অর্ধশতক ২১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে দেয় পাঞ্জাবকে। প্রায় এক মাস ও ৯ ম্যাচ বাইরে থাকার পর দলে ফেরা গিলক্রিস্ট ৬৪ রান করে অপরাজিত থেকে যান। ৪৬ বলের আক্রমণাত্মক ইনিংসটিতে ৯টি চার ও দুটি ছক্কা। মানদিপ সিংয়ের (২৪) সঙ্গে গিলক্রিস্টের ৫১ রানের উদ্বোধনী জুটিতে পাঞ্জাবের সহজ জয়ের ভিত রচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০০০ ঘ.