ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ বলে ছক্কা হাঁকিয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটের দারুণ এক জয় এনে দিয়েছেন ডোয়াইন ব্রাভো। ১৫ খেলায় এটি চেন্নাইয়ের অষ্টম জয় অন্য দিকে ১৪ খেলায় কলকাতার পঞ্চম হার।
কলকাতার ইডেন গার্ডেনে টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক গৌতম গম্ভীরের অর্ধশতকের সুবাদে ৬ উইকেটে ১৫৮ রান করে কলকাতা। জবাবে মাইক হাসির অর্ধশতকের ওপর ভর দিয়ে শেষ বলে ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই।
লক্ষ্য তাড়া করতে নেমে মুরালি বিজয়ের (৩৬) সঙ্গে হাসির (৫৬) ৯৭ রানের উদ্বোধনী জুটির সুবাদে শুরুটা বেশ ভালো হয় চেন্নাইয়ের। কিন্তু এগারোতম ওভারে তিন বলের মধ্যে সুনীল নারায়ণ হাসি ও বিজয়কে ফিরিয়ে দিলে বড় একটা ধাক্কা খায় বর্তমান চ্যাম্পিয়নরা। হাসির ৩৯ বলের ইনিংসে ৪টি করে চার ও ছক্কা।
ফাফ দু প্লেসিস (১৩) ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (২৮) ছোট কিন্তু কার্যকর দুটি জুটি খেলায় ফেরায় চেন্নাইকে। তবে ৭ বলে ১১ রানে অপরাজিত থেকে শ্বাসরুদ্ধকর ম্যাচ জেতানোর নায়ক ব্রাভোই।
কলকাতার পক্ষে সুনীল ও রজত ভাটিয়া দুটি করে উইকেট নেন।
এর আগে ব্রেন্ডন ম্যাককালামের (৩৭) সঙ্গে গম্ভীরের ৯৯ রানের উদ্বোধনী জুটি কলকাতাকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। কিন্তু ১ রানের ব্যবধানে ম্যাককালাম ও গম্ভীর (৬২) বিদায় নিলে দিক হারায় দলটি। গম্ভীরের ৪৩ বলের ইনিংসে ৬টি চার ও ৩টি ছক্কা।
এর পর আর কোনো ব্যাটস্যান বিশে কোঠায়ও পৌঁছাতে না পারায় কোনমতে দেড়শ পেরোয় কলকাতা।
চেন্নাইয়ের পক্ষে শাদাব জাকাতি ২৬ রানে নেন ২ উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০০৮ ঘ.
bdnews24