২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন পাইবাস

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা শেষে শনিবার দক্ষিণ আফ্রিকা ফিরে গেছেন রিচার্ড পাইবাস। পরিবারের সঙ্গে আলোচনা করে শিগগির চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2012, 12:33 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা শেষে শনিবার দক্ষিণ আফ্রিকা ফিরে গেছেন রিচার্ড পাইবাস। পরিবারের সঙ্গে আলোচনা করে শিগগির চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তিনি। দক্ষিণ আফ্রিকায় ফেরার আগে অবশ্য শুক্রবার রাতে জাতীয় দলের জেষ্ঠ ক্রিকেটারদের সঙ্গে কথা হয়েছে পাইবাসের। বিসিবি মিডিয়া কমিটির সভাপতি জালাল ইউনুস বলেন, “আমরা পাইবাসের পরিবারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তিনি তার পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়ে গেছেন।” “পাইবাস জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেছেন। মিরপুরের অবকাঠামো পরিদর্শন করেছেন। সব কিছুই তার পছন্দ হয়ে বলে জানিয়েছেন,” যোগ করেন তিনি। ১৯৬৪ সালের ৫ জুলাই ইংল্যান্ডের নিউক্যাসেল আপটন টাউনে জন্ম নেয়া পাইবাস দুবার পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব নিতে এবং বাংলাদেশের ক্রিকেটে কার্যকর অবদান রাখতে নিজের আগ্রহের কথা এরই মধ্যে সাংবাদিকদের জানিয়েছেন পাইবাস। তিনি বলেন, “আমি এদশের ক্রিকেটে অবদান রাখতে চাই। আমার কাছে মনে হয়ে এদেশের ক্রিকেটারদের জয়ের ক্ষুধা রয়েছে।” “এর আগে প্রয়াত এডি বারলো বাংলাদেশের কোচ হিসেবে কাজ করেছেন। গত সপ্তাহে তার স্ত্রী কেলির সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাদের বাংলাদেশের কোচ হতে উৎসাহ দিয়েছেন,” যোগ করেন তিনি। বৃহস্পতিবার রাতে বাংলাদেশে আসেন পাইবাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৩২ ঘ.