ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) ও ক্রিস গেইলের মধ্যে সম্পর্কের বরফ গলতে চললো বোধহয়। ডব্লিউআইসিবি জানিয়েছে, গেইলের সঙ্গে তারা আলোচনায় বসতে আগ্রহী। আলোচনা সফল হলে এই বাঁহাতি আক্রমণাত্মক ব্যাটসম্যানের জাতীয় দলে ফেরা নিশ্চিত।
গত বছরের এপ্রিলে এক রেডিও সাক্ষাতকারে ডব্লিউআইসিবি কর্মকর্তাদের তীব্র সমালোচনা করার পর থেকেই গেইল ওয়েস্ট ইন্ডিজ দলের বাইরে। এক বছর ধরে দু পক্ষের বাদানুবাদ ছিলো ক্রিকেট-দুনিয়ার অন্যতম আলোচিত বিষয়।
তবে কয়েক দিন আগে গেইল জানান, ইংল্যান্ড সফররত ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের দলে ফেরার আশায় (টেস্ট দল আগেই ঘোষিত হয়েছে) এ মৌসুমে ইংল্যান্ডের কাউন্টি সমারসেটের সঙ্গে চুক্তি ছিন্ন করেছেন তিনি।
গেইলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ডব্লিউআইসিবি। এক বিবৃতিতে তারা জানিয়েছে, “স¤প্রতি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরিচালকরা টেলিকনফারেন্সে বসেছিলেন। মিস্টার ক্রিস গেইলের ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরতে চাওয়ার আগ্রহের কথা শুনে তারা সন্তুষ্ট। ক্রিকেট বোর্ডের বিশ্বাস, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি মিস্টার গেইলের অঙ্গীকার দলের সম্পদ হিসেবেই পরিগণিত হবে।”
গেইল আসলে যে কোনো দলের জন্যই এক বড় সম্পদ। এবারের আইপিএলে তার ব্যাটে রীতিমতো রানের জোয়ার।
শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-পুনে ওয়ারিয়র্স ম্যাচের আগ পর্যন্ত ৫৭ গড়ে ৫১৫ রান নিয়ে তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৩৬ ঘ.
bdnews24