ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ‘পরীক্ষিত কোচ’ রিচার্ড পাইবাসকে ‘অভিভাবকহীন’ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সাংবাদিকদের কামাল বলেন, “পাইবাস একজন পরীক্ষিত কোচ। শুভানুধ্যায়ীরা আগেই কোচ হিসেবে পাইবাসকে নেয়ার পরামর্শ দিয়েছিলেন। তিনি এসেছেন, তার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে।”
“তিনি আমাদের ক্রিকেট ও অবকাঠামো সম্পর্কে জানতে চান। এছাড়া টিম ম্যানেজমেন্ট, ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটের সুযোগ-সুবিধাগুলো সম্পর্কেও ধারণা নিতে চান,” যোগ করেন তিনি।
বিসিবি সভাপতি জানান, এবারের সফরে সব কিছু ঠিক থাকলে দেশে ফিরে পরিবারের সঙ্গে আলোচনা করে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সিদ্ধান্ত জানাবেন পাইবাস। তার পরিবারকে এরই মধ্যে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান কামাল।
পাইবাসের সঙ্গে কথা বলে মুগ্ধ কামাল বলেন, “সময় ও ইভেন্ট অনুযায়ী আমাদের নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। তবে পাইবাস এ ব্যাপারে লক্ষ্য ঠিক করে রেখেছেন। নির্দিষ্ট ইভেন্ট ও সময়সীমার জন্য তার একটি লক্ষ্য রয়েছে। খেলোয়াড়দের জন্য ব্যক্তিগত লক্ষ্য স্থির করে দেয়ার পাশাপাশি দলীয় লক্ষ্যও তার আছে।”
বিসিবি পরবর্তী কোচের সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানিয়েছেন কামাল। স্টুয়ার্ট ল’র উত্তরসূরীর হাতে আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব তুলে দেয়া হবে। প্রয়োজনে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে বলেও আভাস দিয়েছেন তিনি।
পাইবাসের সঙ্গে শুক্রবারই পরিচিত হতে পারেন কয়েকজন জ্যেষ্ঠ ক্রিকেটার। এ ব্যাপারে কামাল বলেন, “সব খেলোয়াড় ঢাকায় নেই। জ্যেষ্ঠ কয়েকজন ক্রিকেটারকে আজকে (শুক্রবার) রাতে ডাকবো।”
তিনি কারো নাম না বললেও অধিনায়ক মুশফিকুর রহিম, সহ-অধিনায়ক মাহমুদুল্ল¬াহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজারা পাইবাসের সঙ্গে দেখা করতে পারেন বলে আভাস পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশে আসা পাইবাস শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঘুরে দেখেছেন। স্টেডিয়াম ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি দেখে মুগ্ধ পাকিস্তানের সাবেক কোচ।
দায়িত্ব নিতে এবং বাংলাদেশের ক্রিকেটে কার্যকর অবদান রাখতে নিজের আগ্রহের কথা সাংবাদিকদের জানান পাইবাস। তিনি বলেন, “আমি এ দেশের ক্রিকেটে অবদান রাখতে চাই। আমার কাছে মনে হয় এ দেশের ক্রিকেটারদের জয়ের ক্ষুধা রয়েছে।”
“এর আগে প্রয়াত এডি বারলো বাংলাদেশের কোচ হিসেবে কাজ করেছেন। গত সপ্তাহে তার স্ত্রী কেলির সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে বাংলাদেশের কোচ হতে উৎসাহ দিয়েছেন। এখন বিসিবির সঙ্গে আলোচনার ওপরেই সব কিছু নির্ভর করছে,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭২৫ ঘ.
bdnews24