ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়া সৌরভ গাঙ্গুলিকে দলপতি বানিয়ে আইপিএলে দল গড়েছিল পুনে ওয়ারিয়র্স। এবার তার সেই অধ্যায়ও শেষ হয়ে গেল।
পয়েন্ট টেবিলের প্রায় তলানিতে থাকা পুনে জানিয়ে দিয়েছে, সৌরভ আইপিএল-৫ এ আর অধিনায়ক থাকছেন না। তার দায়িত্ব হবে পরামর্শকের।
বৃহস্পতিবার টাইমস অফ ইন্ডিয়া ভারতের সাবেক অধিনায়কের সম্পর্কে এই তথ্য দিয়েছে।
পুনে ওয়ারিয়র্সের মালিক সুব্রত রায় আরো বলেছেন, এবারের আসরের শেষ তিনটি খেলায়ও নামছেন না সৌরভ।
“শেষ খেলাগুলোতে তরুণদের সুযোগ করে দিতে চান সৌরভ,” বলেন সুব্রত।
সৌরভও বলেছেন, “আমি আসলে অধিনায়ক হতে চাইনি। আমাকে হতে বলা হয়েছিল। তবে আমি এখন তরুণদের সুযোগ করে দিতে চাই।”
পুনের দলপতি ছিলেন যুবরাজ সিং। কিন্তু ক্যান্সারের চিকিৎসার জন্য মাঠের বাইরে থাকায় এবার বাঙালি সৌরভকে দিয়ে দল সাজিয়েছিল পুনে।
এবারের আইপিএলে ১৩ খেলার মধ্যে নয়টিতে হারা সৌরভের এই দলটিতে খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশি তামিম ইকবালও রয়েছেন। তবে এখন পর্যন্ত আসরে নামা হয়নি তার।
ঝড়ো ব্যাটিংয়ের জন্য খ্যাত তামিম ইকবালকে এখন পর্যন্ত মাঠে না নামানো নিয়ে সৌরভের সিদ্ধান্ত পুনে কর্তৃপক্ষের মনঃপুত হয়নি বলে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।
এছাড়া চলতি আসরে সৌরভের আরো কিছু সিদ্ধান্তেও হতাশ হয়েছে পুনের মালিক পক্ষ।
আইপিএলের বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদপত্রটির প্রতিবেদনে বলা হয়েছে, সৌরভকে মানে মানে সরে পড়তে বলা হয়। ‘দুর্বল পারফরমেন্স এবং ভুল সিদ্ধান্তের’ কারণে তার রাজি না হয়ে উপায় ছিল না।
সৌরভের অনুপস্থিতিতে বাকি তিন খেলায় অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক অথবা স্টিভ স্মিথ পুনের নেতৃত্ব দিতে পারেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/০১০০ ঘ.
bdnews24