ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিততে হলে শেষ বলে প্রয়োজন চার রান। বেন হিলফেনহসের বল সীমানার বাইরে পাঠিয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সকে নাটকীয় জয় এনে দিয়েছেন ডোয়াইন স্মিথ । রোববার আইপিএলের প্রথম ম্যাচে মুম্বাই জিতেছে ২ উইকেটে।
১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রাখলো মুম্বাই। ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই চেন্নাইয়ের অবস্থান।
ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা মুম্বাই দলীয় ৮ রানেই হারিয়ে ফেলে জেমস ফ্র্যাঙ্কলিনকে। তবে শচীন টেন্ডুলকারের সঙ্গে রোহিত শর্মার ১২৬ রানের দ্বিতীয় উইকেট জুটি স্বাগতিকদের জয়ের সম্ভাবনা উজ্জ্বল করে তোলে।
৪৪ বলে ৭৪ রান করে টেন্ডুলকার ফাফ দু প্লেসির দুর্দান্ত ক্যাচে পরিণত হওয়ার পর অবশ্য ম্যাচে নাটকীয় পরিবর্তন। রোহিত শর্মা (৪৬ বলে ৬০) আউট হয়ে গেলে বিপদেই পড়ে যায় মুম্বাই।
হিলফেনহসের করা শেষ ওভারে করতে হতো ১৬ রান। প্রথম বলে এক রান নেন ডোয়াইন স্মিথ। দ্বিতীয় বলে লাসিথ মালিঙ্গা বোল্ড। পরের বলে এক রান নিয়ে স্মিথের হাতে সব কিছু ছেড়ে দেন আরপি সিং।
আস্থার প্রতিদান ভালো ভাবেই দিয়েছেন স্মিথ। ওভারের চতুর্থ বলটি লং অনের ওপর দিয়ে ছক্কা মেরে প্রয়োজনীয়তা নামিয়ে আনেন ৮ রানে। আর শেষ দুই বল চার মেরে আনন্দে ভাসিয়ে দেন ওয়াংখেড়েকে। ৯ বলে দুটো করে চার ও ছক্কায় ২৪ রানে অপরাজিত স্মিথই ম্যাচ-সেরা।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৭৩ রানের বেশ ভালো সংগ্রহ গড়ে চেন্নাই। কেউ অর্ধশতক না পেলেও মুরালি বিজয় (৪১), ডোয়াইন ব্রাভো (৪০), সুরেশ রায়না (৩৬) ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (২৫) মিলিত প্রচেষ্টা পৌনে দু শর কাছাকাছি পৌঁছে দেয় আইপিএলের গত দুবারের চ্যাম্পিয়নদের।
তবে স্মিথের তান্ডবে তাতে কোনো লাভ হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১১৬ ঘ.
bdnews24