ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্য তেমন বড় ছিলো না পুনে ওয়ারিয়র্সের সামনে। কিন্তু ১২১ রানের লক্ষ্যে পৌঁছাতে পারেনি তারা। বৃহস্পতিবার আইপিএলের একমাত্র ম্যাচে পুনে ওয়ারির্সকে মাত্র ১ রানে হারিয়ে শেষ চারে থাকার আশা বাঁচিয়ে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
দশম ম্যাচে ষষ্ঠ জয়ের সুবাদে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে মুম্বাই। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে সপ্তম হারের তেতো স্বাদ পাওয়া পুনের শেষ চারে থাকার সম্ভাবনা আরো ম্লান।
পুনের মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া মুম্বাইয়ের শুরুটা ভালোই হয়েছিলো। কিন্তু শচীন টেন্ডুলকার (৩৪) ও জেমস ফ্র্যাঙ্কলিনের (২৫) ৫০ রানের উদ্বোধনী জুটি ভেঙ্গে যাওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৯ উইকেটে ১২০ রানে থেমে যায় তারা।
পুনের হয়ে দুটো করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার ও আশীষ নেহরা।
জবাবে শুরু থেকে ধুঁকতে থাকা পুনে ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায়। অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (১৬) মিঠুন মানহাসের সঙ্গে ৪৭ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেয়ার চেষ্টা করছিলেন। কিন্তু সৌরভের বিদায় এবং লাফিয়ে-লাফিয়ে বেড়ে যাওয়া আস্কিং রান রেটের ধাক্কায় ৬ উইকেটে ১১৯ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা।
৩৪ বলে ৪২ রানে অপরাজিত মানহাসকেও তাই ফিরতে হয় পরাজয়ের হতাশা নিয়ে।
মুম্বাইয়ের পক্ষে অধিনায়ক হরভজন সিং ও লাসিথ মালিঙ্গার শিকার দুটো করে উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০০৫৩ ঘ.
bdnews24