ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) সঙ্গে দীর্ঘ এক বছরের বিরোধ মেটানোর উদ্যোগ এবার নিজেই নিয়েছেন ক্রিস গেইল। গেইল জানিয়েছেন, জাতীয় দলের হয়ে তিনি যে কোনো সময়ে খেলতে প্রস্তুত। আর তাই ইংল্যান্ডের কাউন্টি দল সমারসেটের সঙ্গে এ মৌসুমের চুক্তি বাতিল করেছেন এই আক্রমণাত্মক বাঁহাতি ব্যাটসম্যান।
এক বিবৃতিতে গেইল বলেন, “আমি সমারসেটকে জানিয়ে দিয়েছি, ২০১২ সালে ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে তাদের হয়ে খেলার কথা দিলেও তা রাখতে পারছি না।”
“ডব্লিউআইসিবি ও তাদের নির্বাচকদের অনুরোধে আমি সন্তুষ্ট। ক্রিকেট বোর্ডকে নিশ্চয়তা দিয়ে আবারো বলছি, দেশের হয়ে আমি যে কোনো মুহূর্তে খেলতে প্রস্তুত,” যোগ করেন তিনি।
এ মাসের মাঝামাঝি ইংল্যান্ড সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ। এই সফরে তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলবে তারা।
ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি ও ইংল্যান্ড সফর একই সময়ে হওয়ায় সমারসেটের সঙ্গে চুক্তি বাতিল করেছেন গেইল।
যদিও টেস্ট সিরিজের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ এবং যথারীতি সেই দলেও গেইলের জায়গা হয়নি। তবে তিনি জানিয়ে দিয়েছেন, ক্যারিবীয়দের হয়ে যে কোনো ধরণের ক্রিকেট খেলতে প্রস্তুত।
এ প্রসঙ্গে গেইল বলেন, “এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। নির্বাচকদের নিশ্চিত করছি, ওয়েস্ট ইন্ডিজের হয়ে সব ধরনের ক্রিকেট খেলতে আমি প্রস্তুত।”
গত বছর উপমহাদেশে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছিলেন গেইল। চোটের কারণ দেখিয়ে বিশ্বকাপের ঠিক পরেই নিজেদের মাটিতে পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত সিরিজ থেকে তাকে বাদ দেয় ওয়েস্ট ইন্ডিজ। যদিও গেইল সে সময় দাবি করেছিলেন তিনি খেলার মতো সুস্থ।
সেখান থেকেই দু পক্ষের মধ্যে বিরোধের শুরু। গত বছরের এপ্রিলে এক বেতার সাক্ষাৎকারে গেইল বোর্ডের তীব্র সমালোচনা করলে বিরোধ চরম আকার ধারণ করে। এর পর থেকেই তার সঙ্গে বোর্ডের রীতিমতো ‘আদায়-কাঁচকলায়’ সম্পর্ক।
বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএলে খেলছেন তিনি। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত দারুণ সফল গেইলের ৫ ম্যাচে ব্যাট হাতে অবদান ৮১, ৮৭, ৪, ৮৬ ও ৭১ রান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০০৩ ঘ.
bdnews24