ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান সফরের জন্য টেস্ট খেলুড়ে দেশগুলোকে পীড়াপীড়ি না করে র্যাংকিংয়ের নিচের দিকে থাকা দলগুলোকে আমন্ত্রণ জানানো উচিৎ বলে মনে করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক প্রধান শাহরিয়ার খান।
২৯ ও ৩০ এপ্রিল একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর করার কথা ছিলো। কিন্তু নিরাপত্তাহীনতার অভিযোগে একটি রিট আবেদনের পর বৃহস্পতিবার এই সফরের ওপর চার সপ্তাহের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশের হাই কোর্ট।
পাকিস্তানের দৈনিক ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’কে শাহরিয়ার বলেন, “সফর নিশ্চিত করার পর তা স্থগিত করা খুবই দুর্ভাগ্যজনক।”
“এই সিদ্ধান্তের পেছনে অবশ্যই রাজনৈতিক ইন্ধন ছিলো। পাকিস্তানের জন্য এটা বিরাট ক্ষতি হলো। কারণ এই সফরের মাধ্যমে অচলাবস্থার অবসান হতে পারতো। ভবিষ্যতে শ্রীলঙ্কার মতো দলকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনাও করেছিলো পিসিবি,” যোগ করেন তিনি।
পিসিবিকে পরামর্শ দিতে গিয়ে শাহরিয়ার আরো বলেন, “আমাদের নিচের দিকের দল দিয়ে শুরু করা উচিৎ। ‘এ’ দলের সঙ্গে খেলার জন্য সহযোগী অথবা ক্লাব পর্যায়ের দলগুলোকে আমন্ত্রণের বিষয়ে পিসিবিকে চিন্তা-ভাবনা করতে হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৫৩ ঘ.
bdnews24