ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুজনে ডানহাতি পেসার, দুজনেরই পিঠে সমস্যা। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট না খেলেই দেশে ফিরে গেলেন অস্ট্রেলিয়ার পিটার সিডল ও জেমস প্যাটিনসন। সোমবার থেকে ডোমিনিকায় শুরু হবে শেষ টেস্ট।
প্রথম টেস্টে খেললেও পিঠের ব্যথার জন্য দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি সিডল। প্যাটিনসনের ব্যাপারটা ঠিক উল্টো। প্রথম টেস্টে দলের বাইরে থাকলেও পরেরটায় সুযোগ পেয়েছিলেন। কিন্তু মঙ্গলবার ম্যাচের তৃতীয় দিনে ফিল্ডিংয়ের সময় পিঠে ব্যথা পান তিনি। তাই প্যাটিনসনেরও এবারের মতো ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ।
এদিকে শেষ টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। লেগস্পিনার দেবেন্দ্র বিশু বাদ পড়লেও সুযোগ পেয়েছেন গায়ানার ২৬ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান আসাদ ফুদাদিন।
এ মৌসুমে ঘরোয়া ক্রিকেটে সাফল্যের পুরস্কারই পেলেন ফুদাদিন। ৪৮ গড়ে ৫৭৬ রান করে তিনি এবার ওয়েস্ট ইন্ডিজের প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ।
চোটের কারণে দ্বিতীয় টেস্টের মতো এই টেস্টেও খেলতে পারবেন না স্বাগতিকদের সহ-অধিনায়ক কার্ক এডওয়ার্ডস।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৪৩ ঘ.
bdnews24