ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ানডে মর্যাদা পাওয়ার পাঁচ মাস পর ঘোষিত পুরস্কার মহিলা ক্রিকেটারদের তুলে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল।
গত ২৩ নভেম্বর মহিলা বিশ্বকাপ বাছাই পর্বে যুক্তরাষ্ট্রকে হারিয়ে ওয়ানডে মর্যাদা পায় বাংলাদেশ। বাছাই পর্ব শেষে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে মহিলা ক্রিকেট দলকে ৫ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দেন বিসিবি সভাপতি ও প্রিমিয়ার ব্যাঙ্ক।
বৃহস্পতিবার মিরপুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ভবনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের অর্থ মহিলা ক্রিকেটারদের হাতে তুলে দেন বিসিবি সভাপতি। এ সময় বিসিবির মহিলা ক্রিকেট সভাপতি আব্দুল্ল¬াহ আল রেদওয়ান ফুয়াদ, ক্রিকেট পরিচালনা কমিটির সভাপতি এনায়েত হোসেন সিরাজ ও মিডিয়া কমিটির সভাপতি জালাল ইউনুস উপস্থিত ছিলেন।
মুস্তফা কামাল বলেন, “সংবর্ধনা অনুষ্ঠানে বলেছিলাম দলের প্রত্যেকে ১ লাখ টাকা করে পাবেন। এছাড়া প্রিমিয়ার ব্যাঙ্কের ৫ লক্ষ টাকা দেয়ার কথা ছিলো আর আমিও ৫ লক্ষ টাকা দেয়ার ঘোষণা দিয়েছিলাম।”
“সেই টাকা আজ সবাইকে ভাগ করে দেয়া হয়েছে। প্রত্যেক খেলোয়াড় ১ লাখ ৭১ হাজার ৪ শত ৩০ টাকা করে পেয়েছেন।”
দিনক্ষণ ঠিক না হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই মহিলা ক্রিকেট দলকে সংবর্ধনা দেবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৩৬ ঘ.
bdnews24