ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ দলের পাকিস্তান সফরের খবর শুনে উচ্ছ্বসিত পাকিস্তানের তরুণ ক্রিকেটাররা।
পাকিস্তানের উইকেটরক্ষক আদনান আকমল জানান, শেষ পর্যন্ত দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তার।
‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’কে তিনি বলেন, “যখন শুনেছি বাংলাদেশ তাদের সফরের বিষয়টি নিশ্চিত করছে তখন থেকেই আমি আনন্দে ভাসছি। আমি নিয়মিত আমার ভাইয়ের (কামরান আকমল) খেলা দেখেছি আর মনের মধ্যে নিজেদের মাঠে পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন বুনেছি।”
“নিজের দক্ষতায় পিসিবি সভাপতি এটা সম্ভব করতে পেরেছেন বলে তার প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি এই সিরিজে খেলার সুযোগ পাবো,” যোগ করেন তিনি।
আদনানের মতোই এখনো দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হয়নি ব্যাটসম্যান উমর আকমল ও আসাদ শফিক এবং পেসার জুনায়েদ খান, ওয়াহাব রিয়াজ ও আইজাজ চিমার।
চিমা বলেন, “পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার খবর শুনে আমি ভীষণ রোমাঞ্চিত। আশা করি এখন থেকে পাকিস্তানে নিয়মিতভাবে আন্তর্জাতিক ম্যাচ হবে। এটা ক্রিকেট, ক্রিকেটের ভক্ত এবং তরুণ ক্রিকেটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০১৩ ঘ.
bdnews24