ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোমবার বাংলাদেশ জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানো স্টুয়ার্ট ল স্বদেশের অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দিতে যাচ্ছেন। প্রতিষ্ঠানটির প্রধান কোচ ট্রয় কুলির সহকারী হিসেবে কাজ করবেন তিনি।
আগামী ৩০ জুন পর্যন্ত বাংলাদেশে দায়িত্ব পালনের পর ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেবেন ল।
পরিবারকে আরো বেশি সময় দেয়ার জন্যই নিজের শহর ব্রিসবেনে ফিরে যাচ্ছেন তিনি। আর অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাকাডেমিও ব্রিসবেনেই।
এক বিবৃতিতে ল বলেন, “পরিবারের কাছাকাছি থাকা এবং ব্রিসবেনে অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠিত ও নতুন প্রতিভাদের সঙ্গে কাজ করার সুযোগ নষ্ট করার কোনো মানেই হয় না।”
“আমাকে সহযোগিতা করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশের খেলোয়াড়দের ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনগুলোতে তাদের (বাংলাদেশের) অগ্রযাত্রা আমি আগ্রহের সঙ্গে লক্ষ্য করবো,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০১৬ ঘ.
bdnews24