২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পারিবারিক কারণে সরে দাঁড়ালেন স্টুয়ার্ট ল

পরিবারকে সময় দিতেই বাংলাদেশ কোচ হিসেবে কাজ করা সম্ভব হবে না বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2012, 09:32 AM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পরিবারকে সময় দিতেই বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে কাজ করা সম্ভব হবে না বলে জানিয়েছেন স্টুয়ার্ট ল। কয়েক দফা আলোচনার পরও ল তার পদত্যাগের সিদ্ধান্তে অটল রয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে স্টুয়ার্ট লয়ের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এ সময় পাশেই বসে ছিলেন ল। জালাল বলেন, “পাকিস্তান সফরের বাইরের একটি বিষয়ে মিডিয়াকে জানাতেই আজ আমরা উপস্থিত হয়েছি। দুঃখের সঙ্গে জানাচ্ছি, স্টুয়ার্ট ল আর আমাদের কোচ হিসাবে দায়িত্ব পালন করবেন না।” আইসিসির নির্বাহী কমিটির বৈঠকে বিসিবি ও পিসিবি বাংলাদেশের পাকিস্তান সফরের বিষয়টি নিশ্চিত করার পরদিনই পদত্যাগের এ ঘোষণা এলো। তবে তার পদত্যাগের সঙ্গে পাকিস্তান সফরের কোনো সম্পর্কে নেই বলে দাবি করেন জালাল। “তার সঙ্গে আমাদের চুক্তি ছিল ২০১৩ সালের ৩০ জুন পর্যন্ত। আগামী ৩০ জুন এক বছর পূর্ণ হবে। এর পর পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারনে তার পক্ষে দায়িত্ব পালন সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন।” স্টুয়ার্ট ল গত ৩০ মার্চ পদত্যাগপত্র জমা দিয়েছিলেন উল্লেখ করে জালাল বলেন, “বিসিবির পক্ষ থেকে আমরা তাকে পদত্যাগ না করতে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি।” স্টুয়ার্ট ল সরে দাঁড়ানো সিদ্ধান্ত জানানোর পর বিসিবি কয়েক দফায় আলোচনা করেও তার সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনতে পারেনি। “বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন এবং বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামালও তাকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন”, যোগ করেন জালাল। জালাল বলেন, “তাকে আমরা এও বলেছি, তিনি যদি বাংলাদেশে স্বপরিবার থাকতে চান তাহলে তিনি আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন। তিনি বলেছেন, তার ইচ্ছে ছিল আমাদের সঙ্গে থাকার। কিন্তু তার পরিবার ইংল্যান্ডে ৮ বছর ধরে আছে। পরিবারের নানা সমস্যা হচ্ছে। তাই তিনি অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।” যোগ করেন জালাল। পদত্যাগের ব্যাপারে ল বলেন, “চুক্তি অনুযায়ী দুই বছর থাকার ইচ্ছে ছিল আমার। কিন্তু পরিবারিক সমস্যার কারণে সম্ভব হচ্ছে না। আমাকে সমর্থন দেয়ায় বিসিবির সকল পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানাচ্ছি।” “মানুষের জীবনে সবার আগে পরিবার। আর আমি পরিবারের জন্যই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। অপ্রত্যাশিত হলেও আমাকে যেতে হচ্ছে। আমি যত দিন ছিলাম প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি,” যোগ করেন ল। আকস্মিক পদত্যাগের সিদ্ধান্ত কি পাকিস্তান সফরকে ঘিরে - এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “পাকিস্তান সফর হবেই এমন কোনো সিদ্ধান্ত এখনও আমার জানা নেই। সিদ্ধান্ত জানার পর নিজের করণীয় ঠিক করবো।” “আমি ৩০ জুন পর্যন্ত আছি। কারণ, বিসিবির সঙ্গে চুক্তিতে বলা আছে দায়িত্ব ছাড়তে হলে ৩ মাস আগে জানাতে হবে,” যোগ করেন তিনি। ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ জানান, বিসিবি শিগগিরই নতুন কোচ খোঁজার কাজ শুরু করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১৫২৩ ঘ.