ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য কেবল ওয়েস্ট ইন্ডিজের বোলারদেরই নয়, সূর্যের আলোর সঙ্গেও পাল্লা দিতে হয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের।
জয়ের জন্য পঞ্চম দিনের শেষ সেশনে ৪১ ওভারে ১৩১ রান প্রয়োজন ছিল অতিথিদের। হাতে ছিল ৯ উইকেট। আগের চার দিন আলোক স্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ হয়ে যাওয়ায় দ্রুত রান তোলার তাড়া ছিল অতিথিদের।
ব্যক্তিগত ৪ রানে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামির হাতে জীবন পাওয়া শেন ওয়াটসন ও ৬ রানে কার্লটন বাফের হাতে জীবন পাওয়া এড কাওয়ানের ৭৫ রানের জুটি অস্ট্রেলিয়ার জয়ের ভিত গড়ে দেয়।
দিনের দ্বিতীয় সেশনে তাদের বিশেষ করে কাওয়ানের শ্লথ ব্যাটিংই আবার অতিথিদের জয়ের সমীকরণ কঠিন করে তুলে। ঐ সেশনে ২১ ওভারে ১ উইকেটে ৬১ রান করে অস্ট্রেলিয়া। চা-বিরতির পর রানের গতি বাড়াতে গিয়ে বদলি কাইরন পাওয়েলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পধ ধরার আগে ওয়াটসন করেন ৫২ রান। তার ৫৭ বলের ইনিংসে ৪টি চার ও একটি ছক্কা।
ওয়াটসনকে বিদায় করার পর নরসিং দেওনারায়ন একে একে সাজঘরে ফেরত পাঠান কাওয়ান (৩৪), রিকি পন্টিং (১৪) ও মাইকেল ক্লার্ককে (৬)। দলীয় ১৪০ রানে প্রথম ৫ ব্যাটসম্যানকে হারিয়ে অস্বস্তি¡তে পড়া অস্ট্রেলিয়াকে পথ দেখান মাইক হাসি ও অভিষিক্ত ম্যাথিও ওয়েড।
ষষ্ঠ উইকেটে ৩৭ রানের জুটির গড়ে অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা উজ্জ্বল করে তুলেন তারা। ১৮ রান করে ওয়েড কেমার রোচের বলে বোল্ড হয়ে গেলেও হাল ছাড়েন নি হাসি। ২৬ বলে ২টি করে চার ও ছক্কায় ৩২ রান করে হাসি ওয়েডকে অনুসরণ করার সময় অস্ট্রেলিয়া জয় থেকে নিঃশ্বাস দূরত্বে।
বেন হিলফেনহসকে নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন ম্যাচ সেরা রায়ান হ্যারিস।
৫৩ রানে ৪ উইকেট নিয়ে দিওনারায়ন ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার।
বার্বাডোজের কেনসিংটন ওভালে বুধবার ৫ উইকেটে ৭১ রান নিয়ে দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ১১৪ রানে এগিয়ে থাকা স্বাগতিকরা দিনের প্রথম সেশনেই শেষ ৫ উইকেট হারিয়ে ১৪৮ রানে অলআউট হয়ে যায়।
দিনের শুরুতেই দেওনারায়নকে (২১) এলবিডব্লিউর ফাঁদে ফেলে অতিথিদের ভালো সূচনা এনে দেন হ্যারিস। সপ্তম উইকেটে স্যামির (১৪) সঙ্গে বাফের ৩১ রানের জুটি ধাক্কা সামলে স্বাগতিকদের ভালো অবস্থানে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছিল।
দলীয় ১০৬ রানে শেন ওয়াটসনের বলে বোল্ড হয়ে স্যামি সাজঘরের পথ ধরলে বড় একটা ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। ১০ রান পর বাফকে (২৩) হ্যারিসের ক্যাচ বানিয়ে নিজের চতুর্থ উইকেট নেন হিলফেনহস।
এর পর ফিদেল এডওয়ার্ডস দ্রুত বিদায় নিলেও রোচের ২৫ রানের সুবাদে দেড়শর কাছাকাছি স্কোর গড়ে ওয়েস্ট ইন্ডিজ।
২৭ রানে ৪ উইকেট নিয়ে হিলফেনহস অস্ট্রেলিয়ার সেরা বোলার।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৪৪৯/৯ ও ১৪৮ (বারাথ ২, ব্র্যাথওয়েইট ০, কার্ক ১, ব্রাভো ৩২, চন্দরপল ১২, দেওনারায়ন ২১, বাফ ২৩, স্যামি ১৪, রোচ ২৫, ফিদেল ৩, বিশু ৭* হিলফেনহস ৪/২৭, হ্যারিস ৩/৩১, সিডল ২/৩২, ওয়াটসন ১/৩০)
অস্ট্রেলিয়া: ৪০৬/৯ ও ১৯২/৭ (ওয়ার্নার ২২, কাওয়ান ৩৪, ওয়াটসন ৫২, পন্টিং ১৪, ক্লার্ক ৬, হাসি ৩২, ওয়েড ১৮, হ্যারিস ৪*, হিলফেনহস ২*; দেওনারায়ন ৪/৫৩, রোচ ২/৪৫, ১/২৭)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৯৪০ ঘ.
bdnews24