ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্রাঙ্ক ওরেল ট্রফির প্রথম টেস্টে সুবিধাজনক অবস্থায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৫ উইকেটে ২৪৮ রান করেছে অস্ট্রেলিয়া। এখনো স্বাগতিকদের চেয়ে ২০১ রানে পিছিয়ে আছে অতিথিরা।
মাইক হাসি ৪৭ ও অভিষিক্ত উইকেটরক্ষক ম্যাথিউ ওয়াডে ১৯ রানে ব্যাট করছেন। ষষ্ঠ উইকেটে ৩৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা।
বার্বডোজের কেনসিংটন ওভালে সোমবার বিনা উইকেটে ৪৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। শুরুতেই এড কাউনকে (১৪) ফিরিয়ে দিয়ে স্বাগতিকদের ভালো সূচনা এনে দেন ওয়েস্ট ইন্ডিজ দলনায়ক ড্যারেন স্যামি।
৫০ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গার পর বেশিক্ষণ টেকেন নি অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারও (৪২)। ড্যারেন ব্র্যাভোর ক্যাচ বানিয়ে তাকেও সাজঘরে ফেরত পাঠান স্যামি।
দুর্ভাগ্যজনক রান আউট হয়ে রিকি পন্টিং (৪) দ্রুত বিদায় নিলে একশর আগেই ৩ উইকেট হারায় অতিথিরা। চতুর্থ উইকেটে শেন ওয়াটসনের (৩৯) সঙ্গে ৪৯ ও পঞ্চম উইকেটে হাসির সঙ্গে ৮২ রানের দুটি কার্যকর জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন অধিনায়ক মাইকেল ক্লার্ক।
চা বিরতির পর বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। বৃষ্টি থামার পর খেলা শুরু হলেও বেশিক্ষণ টেকেন নি ক্লার্ক। দেবেন্দ্র বিশুর বলে ডিপ মিডউইকেটে নরসিং দেওনারায়নের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৭৩ রান করেন ক্লার্ক। তার ১৭৩ বলের ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কা।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৪৪৯/৯ (বারাথ ২২, ব্রেথওয়েইট ৫৭, এডওয়ার্ডস ৬১, ব্র্যাভো ৫১, চন্দরপল ১০৩*, দেওনারায়ন ২১, বাফ ২২, স্যামি ৪১, রোচ ১৬, এডওয়ার্ডস ১০, বিশু ১৮; ওয়ার্নার ২/৪৫, হ্যারিস ২/৮৩, ওয়াটসন ১/৪৬, হিলফেনাস ১/৬৭, সিডল ১/৮৩, লিয়ন ১/৯৪)
অস্ট্রেলিয়া: ২৪৮/৫ (কাউন ১৪, ওয়ার্নার ৪২, ওয়াটসন ৩৯, পন্টিং ৪, ক্লার্ক ৭৩, হাসি ৪৭*, ওয়াডে ১৯*; স্যামি ২/৩৩, রোচ ১/৫৬, বিশু ১/৭৭)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩১০ ঘ.
bdnews24