ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের নিবন্ধনের ব্যাপারে সুস্পষ্ট সিদ্ধান্ত না পেলে ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলতে রাজী নয় মোহামেডান।
ভিক্টোরিয়ার ক্রিকেটার ইউসুফের ছাড়পত্র ‘জাল’, মোহামেডানের এই দাবির কারণেই লিগে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে বেশ কয়েক দফা চিঠিও পাঠিয়েছে ক্লাবটি। এ নিয়ে জটিলতায় ২৯ মার্চ থেকে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বন্ধ ঘোষণা করে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
সিসিডিএম এর জরুরি সভা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্দেশ অনুযায়ী ১০ এপ্রিল থেকে লিগ শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ ব্যাপারে মোহামেডানের ক্রিকেট কমিটির প্রধান খন্দকার জামিল বলেন, “ইউসুফের ব্যাপারে স্পষ্ট কোনো সিদ্ধান্ত না পেলে আমরা মাঠে নামবো না। লোক দেখানো কিছু করে কাজ হবে না, এ ব্যাপারে বিসিবির সরাসরি ঘোষণা আসতে হবে।”
এ ব্যাপারে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সমন্বয়ক আইনুল ইসলাম তিয়াশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোহামেডান কোনো আপত্তির কথা আমাদের জানায়নি। ইউসুফের ছাড়পত্র ও নিবন্ধনের ব্যাপারে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।”
“না খেলার সিদ্ধান্ত নেয়া কোনো ক্লাবের জন্য মোটেও ঠিক হবে না। কেউ এ ধরনের সিদ্ধান্ত নিলে বাইলজ অনুযায়ীই সিদ্ধান্ত নেয়া হবে,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২০৩৪ ঘ.
bdnews24