ঢাকা, এপ্রিল ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অচলাবস্থা কাটিয়ে এখনো শুরু হয়নি ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলা। কবে নাগাদ খেলা শুরু হবে তার দিনক্ষণ চূড়ান্ত হয়নি এখনো। এরই মধ্যে বুধবার পয়েন্ট তালিকার শীর্ষ দল ওল্ড ডিওএইচএস দাবি তুলেছে ৯ এপ্রিলের মধ্যে সুপার লিগ পর্ব শেষ করার।
ওল্ড ডিওএইচএস কোচ খালেদ মাহমুদ সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিসিবি বা সিসিডিএমকে আমরা কোনো ‘আলটিমেটাম’ দেই নি আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি। দলের বেশ কয়েকজন ক্রিকেটারের ‘কমিটমেন্ট’ রয়েছে। কমিটমেন্ট রক্ষা করতে হলে তাদের তো যেতেই হবে। সেক্ষেত্রে ৯ এপ্রিলের পর তাদের পাওয়া যাবে না।”
“বিদেশী খেলোয়াড় নিবন্ধনের কোটা আমাদের এরই মধ্যে শেষ হয়েছে। নতুন করে কোনো বিদেশী ক্রিকেটার নেয়া যাবে না। প্রতিদিন একটি করে ম্যাচ খেলে হলেও সোমবারের মধ্যে আমাদের খেলা শেষ করতে হবে,” যোগ করেন তিনি।
পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের ছাড়পত্র ও নিবন্ধন নিয়ে সৃষ্ট জটিলতার সমাধান সাত দিনেও না হওয়ায় হতাশ সাবেক অধিনায়ক সুজন। তিনি বলেন, “অন্য দলের সমস্যার জন্য আমরা কেন ভুক্ত ভোগী হব। লিগ বন্ধ হয়ে যাওয়ায় আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। খরচের সীমাবদ্ধতা তো সব দলেরই থাকে।”
সুপার লিগের দ্বিতীয় পর্বের খেলা শেষে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ওল্ড ডিওএইচএস। ১৮ পয়েন্ট করে নিয়ে তার ঠিক পেছনেই রয়েছে ভিক্টোরিয়া ও গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স। ১২ পয়েন্ট নিয়ে শিরোপা স্বপ্ন শেষ হয়ে গেছে আবাহনী, মোহামেডান ও শেখ জামালের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩২১ ঘ.
bdnews24