ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরপুর স্টেডিয়ামে নাসির হোসেনের ব্যাট ছুয়ে বলটি সীমানা পার হওয়ার সঙ্গে সঙ্গে আনন্দের উপলক্ষ খুঁজে পেল বাংলাদেশ। ঢাকাসহ সারাদেশের গলিতে-গলিতে মিছিল বেরিয়ে পড়ল, যার স্লোগান ‘বাংলাদেশ-বাংলাদেশ’।
মঙ্গলবার এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারাল বাংলাদেশ, এর মধ্য দিয়ে প্রথম বারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে উঠল টাইগাররা। বৃহস্পতিবার ফাইনালে তাদের প্রতিপক্ষ পাকিস্তান।
খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকার অলিতে-গলিতে মিছিল নামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হয়ে উল্লাসে মেতে উঠে শিক্ষার্থীরা।
মহাখালীর তিতুমীর কলেজের ছাত্র তৈমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভীষণ-ভীষণ আনন্দ লাগছে।
“স্বাধীনতার পর আমাদের আনন্দের যতগুলো উপলক্ষ এসেছে, তার প্রায় সবই এনে দিয়েছে ক্রিকেট। এবার নতুন একটি উপলক্ষ তৈরি করে দিল। ফাইনালেও জিতব আমরা,” দৃঢ় আশাবাদী এই তরুণ।
টিএসসিতে উল্লাসরত শিক্ষার্থী মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বহু প্রতীক্ষিত জয় ছিল এটি। দিনটিকে সম্পূর্ণ আমাদের করে দিল ক্রিকেট দল।”
দলের বিজয়কে উদযাপন করতে মোহাম্মদপুরের বিজয় মিছিল করেছেন সে এলাকার ক্রিকেটভক্তরা। তারা ঢোল, তবলা, জাতীয় পতাকা নিয়েও নামেন।
লালবাগসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকাতেও ছিল বিজয়ের বাঁধভাঙা আনন্দ।
জয়ের পর অনেককে কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁওয়ের সামনে ভিড় করতে দেখা যায়। বাংলাদেশ ক্রিকেট দল এই হোটেলেই থাকছে।
ঢাকার বাইরের জেলাগুলো থেকেও মধ্যরাতে উল্লাসের খবর পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/২৩১৫ ঘ.
bdnews24