২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশা জাগিয়েও বাংলাদেশের হার

সাকিব আল হাসানের বীরোচিত ব্যাটিংও জয় এনে দিতে পারেনি বাংলাদেশকে। জয়ের সম্ভাবনা জাগিয়েও রোববার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ২১ রানে হেরে গেছে পাকিস্তানের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 07:35 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাকিব আল হাসানের বীরোচিত ব্যাটিংও জয় এনে দিতে পারেনি বাংলাদেশকে। জয়ের সম্ভাবনা জাগিয়েও রোববার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ২১ রানে হেরে গেছে পাকিস্তানের কাছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও নাসির জামশেদের অর্ধশতকের সুবাদে ৮ উইকেটে ২৬২ রান করে পাকিস্তান। জবাবে সাকিব ও তামিম ইকবালের অর্ধশতকের পরও ৪৮ ওভার ১ বলে ২৪১ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে তামিমের সঙ্গে নাজিমউদ্দিনের ৪৫ রানের উদ্বোধনী জুটি বাংলাদেশকে ভালো সূচনা এনে দেয়। শুরুতে তামিম নিজেকে গুটিয়ে রাখলেও নাজিমের (৩০) আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে রান তোলার হার ভালো ছিলো স্বাগতিকদের। দ্বিতীয় উইকেটে জহুরুল ইসলামের (২৩) সঙ্গে ৪৫ রানের আরেকটি ভালো জুটি গড়েন তামিম। তবে দলীয় ১০০ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে অধিনায়ক মুশফিকুর রহিম (৩) বিদায় নিলে অস্বস্তিতে পড়ে যায় বাংলাদেশ। এরপর সাকিবের সঙ্গে চতুর্থ উইকেটে তামিমের ৩৫ রানের জুটি ম্যাচে ফেরায় বাংলাদেশকে। ২৯তম ওভারে হাফিজ তামিম (৬৪) ও মাহমুদুল্ল¬াহ রিয়াদকে (০) ফিরিয়ে দিলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৩৫/৫। তামিমের ৮৯ বলে করা ৬৪ রানের ইনিংসটি ৬টি চার ও একটি ছক্কায় সাজানো। কাট করতে গিয়ে বোল্ড হয়ে তামিমের বিদায়ের পরের বলেই আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে এলবিডব্লি¬উ হয়ে যান মাহমুদুল্ল¬াহ। এরপর ষষ্ঠ উইকেটে নাসির হোসেনের (৪৯ বলে ৪৭ রান) সঙ্গে সাকিবের ৮৯ রানের জুটি জয়ের স্বপ্ন দেখাচ্ছিলো বাংলাদেশকে। জয়ের জন্য শেষ ৩৯ বলে ৩৮ রান দরকার ছিলো বাংলাদেশের, হাতে ছিলো ৫ উইকেট। কিন্তু দলীয় ২২৪ রানে উমর গুলের বলে নাসির বোল্ড হয়ে গেলে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। এরপর আব্দুর রাজ্জাক (১), মাশরাফি বিন মর্তুজা (১) ও শফিউল ইসলাম (১) দ্রুত বিদায় নিলেও সাকিব ছিলেন বলে টিকে ছিলো বাংলাদেশের সম্ভাবনা। কিন্তু গুলের করা ৪৯তম ওভারের প্রথম বলে সাকিব বোল্ড হয়ে গেলে শেষ হয়ে যায় বাংলাদেশের সব প্রচেষ্টা। ৬৬ বলে খেলা সাকিবের ৬৪ রানের ইনিংসে ৪টি চার। ৫৮ রানে ৩ উইকেট নিয়ে উমর গুল পাকিস্তানের সেরা বোলার। হাফিজ (২/৪০), সাঈদ আজমল (২/৪৫) এবং শহীদ আফ্রিদিও (২/৪৯) বল হাতে ভালো অবদান রাখেন দলের জয়ে। এর আগে বাংলাদেশের বোলারদের নিখুঁত লাইন-লেন্থের বোলিং এবং ফিল্ডারদের দুর্দান্ত ফিল্ডিং সত্ত্বেও পাকিস্তানকে ভালো সূচনা এনে দেন হাফিজ ও জামশেদ। উদ্বোধনী জুটিতে দুজনের অবদান ১৩৫ রান। ২৮তম ওভারে জামশেদকে রান আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেয়ার কৃতিত্ব সাকিব ও মুশফিকের। রাজ্জাকের বল পয়েন্টে ঠেলে একটি রান নিতে চেয়েছিলেন হাফিজ। সতীর্থের আহ্বানে সাড়াও দিয়েছিলেন জামশেদ। সাকিবের থ্রো স্টাম্পের কাছাকাছি না থাকলেও বল গ¬াভসবন্দী করে দারুণ দক্ষতায় উইকেট ভেঙ্গে দেন বাংলাদেশের অধিনায়ক। ৬৪ বলে খেলা জামশেদের ৫৪ রানের ইনিংসে ৫টি চার ও একটি ছক্কা। জামশেদের বিদায়ের পর ইউনুস খানের সঙ্গে ২৫ রানের জুটি গড়েন হাফিজ। শাহাদাত হোসেনকে ফ্লিক করতে গিয়ে পয়েন্টে রাজ্জাককে সহজ ক্যাচ দিয়ে ইউনুস (১২) সাজঘরের পথ ধরলে খেলার চিত্র পাল্টে যায়। শতকের সুবাস পেতে থাকা হাফিজকেও (৮৯) ফেরান শাহাদাত। খাটো লেন্থের বল পুল করতে গিয়ে স্কয়ার লেগে শফিউলকে ক্যাচ দেন হাফিজ। তার ১২৬ বলের ইনিংসটি ৭টি চারে সাজানো। এরপর আসাদ শফিকও (৪) বেশিক্ষণ টিকতে পারেননি। হাফিজের মতো তিনিও শাহাদাতকে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে মাশরাফিকে সহজ ক্যাচ দেন। ৪০তম ওভারের তৃতীয় বলে উমর আকমল (২১) ও ষষ্ঠ বলে আফ্রিদিকে (০) ফিরিয়ে প্রতিপক্ষকে দুশ্চিন্তায় ফেলে দেন সাকিব। ৪২তম ওভারের দ্বিতীয় বলে পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হককে আব্দুর রাজ্জাক বোল্ড করলে স্কোর দাঁড়ায় ১৯৮/৭। ৩৮ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে পাকিস্তান তখন বিপদে। তবে অষ্টম উইকেটে গুল (৩৯) ও সরফরাজ আহমেদের (অপরাজিত ১৯) ৫৩ রানের জুটির সুবাদে আড়াই শ পেরোয় পাকিস্তান। গুলের মাত্র ২৫ বলে ওয়ানডে ক্যারিয়ার-সেরা ৩৯ রানের ইনিংসে একটি ছক্কা ও ৫টি চার। এর মধ্যে ১৬ রানই এসেছে মাশরাফির করা ৪৯তম ওভার থেকে। শেষ বলে গুলকে বোল্ড করে মাশরাফি অবশ্য প্রতিশোধ নিয়েছেন। তবে ততক্ষণে লড়াই করার মতো জায়গায় পাকিস্তান পৌঁছে গেছে। গুলের তাণ্ডবের জন্যই শেষ ৫ ওভারে ৪৫ রান পেয়েছে পাকিস্তান। ৫৩ রানে ৩ উইকেট নিয়ে শাহাদাত বাংলাদেশের সেরা বোলার। ৪১ রানে সাকিবের শিকার দুটি। সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান: ৫০ ওভারে ২৬২/৮ (হাফিজ ৮৯, জামশেদ ৫৪, ইউনুস ১২, উমর ২১, আসাদ ৪, মিসবাহ ৮, আফ্রিদি ০, সরফরাজ ১৯*, গুল ৩৯, আজমল ৮*; শাহাদাত ৩/৫৩, সাকিব ২/৪১, রাজ্জাক ১/৪৩, মাশরাফি ১/৫৫) বাংলাদেশ: ৪৮.১ ওভারে ২৪১ (তামিম ৬৪, নাজিমউদ্দিন ৩০, জহুরুল ২৩, মুশফিকুর ৩, সাকিব ৬৪, মাহমুদুল্লাহ ০, নাসির ৪৭, রাজ্জাক ১, মাশরাফি ১, শফিউল ১, শাহাদাত ০*; গুল ৩/৫৮, হাফিজ ২/৪০, আজমল ২/৪৫, আফ্রিদি ২/৪৯) ফল: পাকিস্তান ২১ রানে জয়ী ম্যাচ সেরা: মোহাম্মদ হাফিজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২০৮ঘ.