ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের ১০টি এশিয়া কাপের ৯টিতে অংশ নিলেও মাত্র একবারই চ্যাম্পিয়ন হতে পেরেছে পাকিস্তান। এবারের এশিয়া কাপে তাই শিরোপা জিতেই অতীতের হতাশা ঘোচানোর সংকল্পের কথা জানালেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এশিয়া কাপের সব দলেরই লক্ষ্য শিরোপা। আমরাও সেই লক্ষ্য নিয়ে এসেছি।”
“আমরা প্রতি ম্যাচে উন্নতি করতে চাই। খেলোয়াড়রা তাদের শতভাগ উজাড় করে দিতে প্রস্তুত,” যোগ করেন তিনি।
রোববার উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ। গত ডিসেম্বরে বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট সিরিজ সহজেই জিতেছিলো পাকিস্তান। ঐ সফরের সাফল্য আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিলেও মিসবাহ জানালেন, তার দলের কেউই আত্মপ্রসাদে ভুগছে না।
তিনি বলেন, “দেশের মাটিতে বাংলাদেশ সব সময়ই কঠিন প্রতিপক্ষ। সর্বশেষ সফরে আমরা ভালো খেলেই বাংলাদেশকে হারিয়েছি। তবে ওদের কিছুতেই হালকাভাবে নেয়া যাবে না। যে কোনো ম্যাচেই ওরা অঘটন ঘটাতে সক্ষম।”
টেস্ট-ওয়ানডে দুটোতেই অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে থাকা সাকিব আল হাসানকে একটু বেশিই গুরুত্ব দিচ্ছে পাকিস্তান। মিসবাহ বলেন, “সাকিব বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাকে নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা আছে। তবে শুধু সাকিবকে নিয়ে ভাবলে তো চলবে না। জিততে হলে প্রতিপক্ষের সবাইকে নিয়েই ভাবতে হয়।”
মিসবাহর চোখে টুর্নামেন্টের অন্য দুই দল ভারত ও শ্রীলঙ্কাকে প্রতিপক্ষ হিসেবে ভীষণ শক্তিশালী। তিনি বলেন, “অস্ট্রেলিয়ায় দুদলই একটা কঠিন সিরিজ খেলে এসেছে। সেজন্য মানসিকভাবে তারা উজ্জীবিত থাকবে। ভারত ও শ্রীলঙ্কাকে হারাতে হলে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে।”
বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর এখন পাকিস্তানের কোচ। হোয়াটমোরের উপস্থিতি খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে বলে মনে করেন মিসবাহ। তিনি বলেন, “আমরা পেশাদার খেলোয়াড় আর ডেভও পেশাদার কোচ। আমরা এর মধ্যে দুটি সেশন কাটিয়েছি। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি।”
“যতো সময় যাবে খেলোয়াড়দের সঙ্গে তার বোঝাপড়া ততো ভালো হবে। বাংলাদেশ সম্পর্কে তিনি অবশ্য তেমন কিছু বলেননি,” যোগ করেন মিসবাহ।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ হেরে যাওয়ার কথা যত দ্রুত সম্ভব ভুলে যেতে চান মিসবাহ। এশিয়া কাপ থেকে আবার নতুন করে শুরু করতে চান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭৪৫ঘ.
bdnews24