ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাইরন পোলার্ড ও ড্যারেন স্টিভেন্সের আক্রমণাত্মক ব্যাটিং সহজ জয় এনে দিয়েছে ঢাকা গ্ল¬্যাডিয়েটর্সকে। সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তারা ৬ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম কিংসকে।
টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৩ রান করে চট্টগ্রাম কিংস। জবাবে ৬ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা গ্ল্যাডিয়েটর্স।
লক্ষ্য তাড়া করতে নামা ঢাকার দলটিকে ভালো সূচনা এনে দিয়েছিলেন ইমরান নাজির (২২)। তবে ২৮ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় তারা। এরপর ২৮ রান করে মোহাম্মদ আশরাফুল দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে গেলে ৬১/৪-এ পরিণত গ্ল¬্যাডিয়েটর্সের ওপর চাপ বেড়ে যায় আরো।
তবে পোলার্ড ও স্টিভেন্সের মধ্যে ১১ ওভার ১ বলে গড়ে ওঠা অবিচ্ছিন্ন ৯৫ রানের জুটি সহজ জয়ই এনে দেয় গ্ল¬্যাডিয়েটর্সকে। ৩টি করে চার ও ছক্কায় ৩৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন পোলার্ড। স্টিভেন্সের ৩৮ বলে খেলা অপরাজিত ৪৩ রানের ইনিংসে দুটি করে চার ও ছক্কা।
দ্বাদশ ওভারে ফয়সাল হোসেনের দেয়া ২১ রান গ্ল¬্যাডিয়েটর্সকে অনেকটাই এগিয়ে দেয় জয়ের পথে।
১২ রানে ২ উইকেট নিয়ে চট্টগ্রাম কিংসের সেরা বোলার আরাফাত সানি।
এর আগে জহুরুল ইসলাম (২৪) ও পাকিস্তানের নাসির জামশেদের (২৭) ৪৯ রানের উদ্বোধনী জুটি চট্টগ্রাম কিংসকে ভালো সংগ্রহের ভিত গড়ে দেয়। মোশাররফ হোসেনের করা ষষ্ঠ ওভারে টানা দুই বলে আফতাব আহমেদের হাতে ক্যাচ দিয়ে বেঁচে গেলেও ঐ ওভারেই রান আউট হয়ে যান জহুরুল।
এক পর্যায়ে চট্টগ্রামের স্কোর ছিলো ৭৬/১। তবে ৮৪ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় তারা। শেষ পর্যন্ত ডোয়াইন ব্র্যাভোর ৪৩ ও জিয়াউর রহমানের অপরাজিত ১৪ রানের সুবাদে দেড় শ পেরোয় চট্টগ্রাম কিংস।
১৭ রানে ৩ উইকেট নিয়ে ইলিয়াস সানি ঢাকা গ্ল্যাডিয়েটর্সের সবচেয়ে সফল বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৪৫ ঘ.
bdnews24