ঢাকা, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিস গেইলের ঝড়ো শতকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে সিলেট রয়্যালসকে অতি সহজে ১০ উইকেটে হারিয়েছে বরিশাল বার্নার্স।
টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক পিটার ট্রেগো ও অলক কাপালীর অর্ধশতকের সুবাদে ৪ উইকেটে ১৬৫ রান করে সিলেট রয়্যালস। জবাবে মাত্র ১৩ ওভার ১ বলেই কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল বার্নার্স।
শুরুতে গেইলের চেয়ে বেশি আক্রমণাত্মক ছিলেন উদ্বোধনী জুটিতে তার সঙ্গী পাকিস্তানের আহমেদ শেহজাদ। কিন্তু সময় গড়ানোর সঙ্গে-সঙ্গে সিলেট রয়্যালসের বোলারদের ওপরে ঝড় বইয়ে দেন গেইল।
গেইল-ঝড়ের ঝাপটা সবচেয়ে বেশি সইতে হয়েছে স্কট স্টাইরিস, পিটার ট্রেগো আর অলক কাপালীকে। মাত্র এক ওভার করে বল করা স্টাইরিস ২৭, ট্রেগো ২৩ ও অলক ১৮ রান দেন।
সিলেট রয়্যালসের বোলারদের ওপরে তান্ডব চালিয়ে গেইল অপরাজিত থাকেন ১০১ রানে। ৪৪ বলের অসাধারণ ইনিংসটিতে ৭টি চার ও ১০টি ছক্কা। নূর হোসেনকে ছক্কা মেরে দলকে লক্ষ্যে পৌঁছে দেয়ার পাশাপাশি শতকও পূরণ করেন ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি ব্যাটসম্যান। ম্যাচের সেরা খেলোয়াড়ও স্বাভাবিকভাবেই তিনি।
গেইলের মতো অতোটা আক্রমণাত্মক না হলেও শেহজাদের ইনিংসের গুরুত্বও কম নয়। ৩৫ বলে খেলা তার অপরাজিত ৫৬ রানের ইনিংসে ৯টি চার ও একটি ছক্কা।
এর আগে স্কোর বোর্ডে ১০ রান তুলতেই উদ্বোধনী ব্যাটসম্যান পাকিস্তানের কামরান আকমলকে (৮) হারিয়ে ফেলে সিলেট রয়্যালস। দ্বিতীয় উইকেটে ট্রেগোর সঙ্গে অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েসের (২১) ৪২ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে ওঠে তারা।
বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভর বলে মুুমিনুল হকের হাতে ধরা পড়ে ইমরুল বিদায় নেয়ার সময় রয়্যালসের সংগ্রহ ৫২ রান।
তৃতীয় উইকেটে আইকন খেলোয়াড় অলক কাপালীর সঙ্গে ট্রেগোর (৬২) ১০৫ রানের জুটির সুবাদে দেড় শ পেরোয় রয়্যালস। ট্রেগোর ৫৪ বলের ইনিংসে ৭টি চার ও একটি বিশাল ছক্কা।
শেষ ওভারের চতুর্থ বলে পাকিস্তানের ইয়াসির আরাফাতের বলে বোল্ড হওয়ার আগে অলক করেন ৫৬ রান। অবশ্য ব্যক্তিগত ৩৩ রানে নাজমুল ইসলামের বলে শেন হারউডের হাতে লং অনে জীবন পান তিনি। অলকের ৩৬ বলের ইনিংসটি ৬টি চার ও দুটি ছক্কায় সাজানো।
শেষ বলে ছক্কা হাঁকানো স্কট স্টাইরিস অপরাজিত থাকেন ৭ রানে।
৩৩ রানে ২ উইকেট নিয়ে আরাফাত বরিশাল বার্নার্সের সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৬৪৩ ঘ.
bdnews24