ঢাকা, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে স্পন্সরশীপ চুক্তি বাতিল করেছে সাহারা গ্রুপ। একই সঙ্গে পুনে ওয়ারিয়র্সের মালিকানাও ছেড়ে দিয়েছে তারা।
ব্যাঙ্গালোরে শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম শুরু হওয়ার ঘন্টা খানেক আগে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই সিদ্ধান্তের কথা জানায় সাহারা গ্র“প। নিলামে অংশও নেয়নি ভারতের অন্যতম এই ব্যবসা প্রতিষ্ঠানটি।
বিবৃতিতে তারা জানায়, “বিসিসিআইয়ের অধীনে যাবতীয় ক্রিকেট থেকে আমরা নিজেদের সরিয়ে নিচ্ছি। যদিও বিসিসিআইকে আমরা কোনো সমস্যায় ফেলতে চাই না। খেলোয়াড়দের যেন ভুগতে না হয় সে বিষয়েও আমাদের নজর আছে। নতুন স্পন্সর খুঁজে নিতে বিসিসিআইকে অবশ্যই দুই থেকে চার মাস সময় দেয়া হবে এবং ওই সময় পর্যন্ত আমরা স্পন্সরশীপের অর্থ দিয়ে যাব।”
ওই বিবৃতিতে আরো বলা হয়, “আইপিএলের সব খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সকলেই তাদের এ বছরের পাওনা বুঝে পাবেন।”
২০০১ সাল থেকে ভারতীয় দলের পৃষ্ঠপোষক সাহারা গ্র“প। ২০১৩ সালের ৩১ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো।
বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা সাহারা গ্র“পের এই সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করে বলেন, “এখন পর্যন্ত আমরা তাদের কাছ থেকে লিখিত কিছু পাইনি। তাই ওই বিবৃতির বিষয়ে কিছু বলতে চাচ্ছি না।”
যদিও শুক্লা খোলসা করে কিছু জানাননি, তবে যুবরাজ সিংয়ের বিষয়টিই এই অনাকাঙ্খিত ঘটনার পেছনে বড় ভূমিকা পালন করেছে বলে সবার বিশ্বাস। পুনে ওয়ারিয়র্সের অধিনায়ক যুবরাজ অসুস্থ থাকায় আইপিএলের এবারের আসরে তার খেলা অনিশ্চিত। তাই যুবরাজকে যে অর্থের বিনিময়ে তারা দলে টেনে ছিলো এবারের নিলামে সর্বোচ্চ বেঁধে দেয়া অর্থের সঙ্গে (কোনো দল সর্বোচ্চ ২০ লাখ ডলার ব্যয় করতে পারবে) ওই পরিমাণ অর্থ যোগ করার সুযোগ দেয়ার জন্য বিসিসিআইয়ের কাছে অনুরোধ করেছিলো পুনে ওয়ারিয়র্সের মালিক পক্ষ (সব মিলিয়ে ৩০ লাখ ৪০ হাজার ডলার)।
কিন্তু বিসিসিআই সব দলের জন্য সমান নীতি এই বিবেচনায় পুনে ওয়ারিয়র্সের অনুরোধ ফিরিয়ে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮২৫ ঘ.
bdnews24