ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের প্রধান কোচ ডেভ হোয়াটমোরের অসুস্থতার খবরকে ‘ভিত্তিহীন’ হিসেবে উল্লেখ করেছেন তার স্ত্রী ক্যাথরিন হোয়াটমোর।
দ্য ডনকে তিনি বলেন, “ডেভ বহাল তবিয়তেই আছেন, তার অসুস্থতার খবর ভিত্তিহীন। ডেভকে চিকিৎসক বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন বলে যে খবর বেরিয়েছে তা একেবারে ফালতু আর আমরা এটা নিয়ে হাসাহাসি করেছি। এটা রসিকতা ছাড়া আর কিছু নয়।”
“এটা ছিল তুচ্ছ একটা ব্যাপার ছিল। মার্কিন প্রবাসী পাকিস্তানী চর্মরোগ বিশেষজ্ঞ বন্ধু ডা. সাঈদ জাফর টি-টোয়িন্টি বিশ্বকাপ দেখতে এসেছিলেন শ্রীলঙ্কায়। সেখানেই জাফরকে চামড়ার ছোট্ট সমস্যাটা দেখিয়েছিলেন ডেভ,” যোগ করেন তিনি।
তিনি বলেন, “এক বন্ধুর বাসায় আমরা নিছক গল্প করছিলাম আর সংবাদমাধ্যম ফুলিয়ে ফাঁপিয়ে একে বড় করে তুলেছে। ২০০৭ সালের ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে পাকিস্তানের তৎকালীন কোচ বব উলমারের মৃত্যুর খবরও এতে যোগ করাটা আমাদের ব্যথিত করেছে। আমার মনে এই গল্প বিক্রি করে তারা ভালো পয়সাই আয় করেছে।”
“ডেভ পাকিস্তানেই আছেন এবং সেখানে তিনি স্থানীয় ক্রিকেট দেখছেন। নিজের কাজে তিনি খুবই পারদর্শী, তবে তার যাদু কাজ করতে একটু সময় নেয়,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২০৭ ঘ.
bdnews24