ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ মৌসুম থেকে জাতীয় ক্রিকেট লিগ হবে
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিতে। এ নিয়ে বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)
মতপার্থক্য চলছিল। বাংলাদেশের ক্রিকেটের জন্য সুখবর, বুধবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) গভর্নিং কাউন্সিলের প্রথম সভায় মতৈক্যে পৌঁছেছে দুই পক্ষ।
এত দিন বিসিবির অর্থায়নে বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো বিভাগীয় দল পরিচালনা করত। তাই ফ্র্যাঞ্চাইজি করে বিভিন্ন প্রতিষ্ঠানের হাতে দল পরিচালনার সিদ্ধান্ত মেনে নিতে পারছিল না তারা। শেষ পর্যন্ত বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো সমঝোতা করতে রাজি হওয়ায় ২০ অক্টোবর থেকে জাতীয় লিগ শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এনসিএলের আহ্বায়ক মাহবুব আনাম বলেন, “এই মৌসুম থেকেই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক জাতীয় লিগ শুরু করা নিয়ে কিছুটা দ্বিধা ছিল। সেই দ্বিধার অবসান হয়েছে। ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোও দল পরিচালনায় সম্পৃক্ত থাকবে। দু পক্ষের মধ্যে সম্পর্ক বিষয়ে কয়েকটি প্রস্তাব এসেছে। আলোচনার মাধ্যমে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।”
এবারের জাতীয় লিগ দিন-রাতের ম্যাচ দিয়ে শুরু হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “মানসম্মত বল পাওয়া গেলে ২০ অক্টোবর দিন-রাতের ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু হবে।”
এনসিএলের আহ্বায়ক আরো জানান, গতবারের চতুর্থ দল ঢাকা মেট্রো ও ষষ্ঠ দল রংপুরের আবেদনে সাড়া দিয়ে এবারের জাতীয় লিগেও ৮টি দল রাখার সুপারিশ করা হয়েছে।
প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর উদ্যোগ প্রসঙ্গে মাহবুব আনাম বলেন, “প্রত্যেক ক্রিকেটারের জন্য জাতীয় লিগে খেলা বাধ্যতামূলক। কেউ চোট বা বিসিবির অনুমতি ছাড়া লিগে না খেললে জাতীয় দলের জন্য তাকে বিবেচনা করা হবে না।
“ক্রিকেটারদের ম্যাচ ফি ২০ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে। এছাড়া প্রত্যেক দল দুজন বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৫২ঘ.
bdnews24