২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজ্জাকের ব্যাখ্যা চেয়েছে পিসিবি

পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ হাফিজের প্রকাশ্য সমালোচনার ঘটনায় আব্দুল রাজ্জাকের ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে বাদ পড়ায় গণমাধ্যমে হাফিজকে দোষারোপ করেন অভিজ্ঞ অলরাউন্ডার রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 03:30 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ হাফিজের প্রকাশ্য সমালোচনার ঘটনায় আব্দুল রাজ্জাকের ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে বাদ পড়ায় গণমাধ্যমে হাফিজকে দোষারোপ করেন অভিজ্ঞ অলরাউন্ডার রাজ্জাক। প্রথম সেমিফাইনালে ৩২ বছর বয়সী রাজ্জাকের বদলে সর্ব সম্মতিক্রমে পেসার সোহেল তানভীরকে খেলানো হয় বলে জানিয়েছেন হাফিজ। কিন্তু শনিবার দেশে ফিরে ‘হাফিজের একার সিদ্ধান্তে’ বাদ পড়ার অভিযোগ এনে অধিনায়কের সমালোচনা করেন রাজ্জাক। রাজ্জাক বলেন, “দল যখন মাঠে হারছিল তখন বাইরে বসে থাকতে খুব হতাশ লাগছিল।” “আমি জানি টিম ম্যানেজমেন্ট আমাকে বাদ দেয়নি, হাফিজই আমাকে বাদ দিয়েছে। সিদ্ধান্ত যে তারই ছিল হাফিজের তা স্বীকার করা উচিৎ,” যোগ করেন তিনি। পিসিবি মুখপাত্র নাদীম সারোয়ার বলেন, রাজ্জাক খেলোয়াড়দের আচরণ বিধি ভেঙ্গেছেন। বোর্ডের অনুমতি ছাড়া গণমাধ্যমে কথা বলতে খেলোয়াড়দের নিষেধ করা হয়েছিল। সারোয়ার বলেন, “আচরণ বিধি ভঙ্গ করায় রাজ্জাককে আমরা কারণ দর্শাতে নোটিশ পাঠিয়েছি। উত্তর দেয়ার জন্য তিনি সাত দিন সময় পেয়েছেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১২৫ ঘ.