ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগের দুবার পণ্ড হয়ে গেলেও এবার বিশ্ব একাদশের প্রস্তাবিত পাকিস্তান সফরের ব্যাপারে আশাবাদী সিন্ধের ক্রীড়ামন্ত্রী ও প্রখ্যাত ক্রিকেট সংগঠক মোহাম্মদ আলী শাহ।
গত মে ও অগাস্টে দুবার করাচিতে বিশ্ব ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ পিছানো হয়েছে। তবে এবার আয়োজন সম্পর্কে নিশ্চিত হয়েই ঘোষণা দেয়া হয়েছে বলে জানিয়েছেন শাহ।
দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে তিনি বলেন, “১৮ অক্টোর দল পাকিস্তান পৌঁছাবে। ২০ ও ২১ অক্টোবর করাচি জাতীয় স্টেডিয়ামে খেলা হবে।”
নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠক বুধবার করাচির গর্ভনর হাউসে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন শাহ।
শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সনাৎ জয়াসুরিয়ার নেতৃত্বাধীন দলে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের আধিক্য থাকবে বলেও জানিয়েছেন তিনি।
দলে জাস্টিন ক্যাম্প, চার্লস ল্যাঙ্গাভেল্ডট, আন্দ্রে নেল ও নেইল ম্যাকেঞ্জির মতো খেলোয়াড়রা থাকবেন।
শহীদ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান একাদশে ইউনুস খান, উমর আকমল, উমর গুল, নাসির জামশেদ, আব্দুল রাজ্জাক ও সরফরাজ আহমেদরা খেলবেন বলে জানিয়েছেন শাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০৩৩ ঘ.
bdnews24