ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ের জন্য পাত্রী খোঁজার সংবাদটি সঠিক নয় বলে দাবি করেছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত এক সংবাদের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার তিনি বলেন, “ব্যক্তিগত বিষয় নিয়ে সংবাদ প্রকাশ হওয়া উচিত নয়।”
মুশফিকের বাবা মাহবুব হামিদের বরাত দিয়ে সোমবার প্রকাশিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে বলা হয়, ক্যারিয়ারের কথা ভেবে এতদিন ছেলেকে বিয়ে দেয়ার কথা না ভাবলেও এখন তার জন্য মধ্যবিত্ত পরিবারের উচ্চশিক্ষিত পাত্রী খুঁজছেন তিনি।
এ সময় পুত্রবধূ কেমন হলে ভালো হয় তারও একটি বিবরণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জিয়া শাহীনের কাছে তুলে ধরেন মাহবুব হামিদ।
ওই কথোপকথন ছিল পারিবারিক এবং তা পত্রিকায় প্রকাশের জন্য বলা হয়নি দাবি করে মুশফিক বলেন, “ঘরোয়া পরিবেশে আমার বাবা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন এবং তাকে না জানিয়েই সংবাদ প্রকাশ হয়েছে।”
“এ খবর প্রকাশে আমার ও আমার পরিবারকে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে সংবাদ প্রকাশ হওয়া উচিত নয়,” বলেন এই জাতীয় ক্রিকেটার।
মাহবুব হামিদের কাছে জিয়া শাহীন সাংবাদিক পরিচয় দেননি বলেও দাবি করেন মুশফিক।
তবে জিয়া শাহীন বলেন, “মাহবুব হামিদের সঙ্গে সাংবাদিক ছাড়া অন্য কোনো পরিচয়ে আমার কখনো কথা হয়নি।”
চার ভাই ও এক বোনের পরিবারে মুশফিকের অবস্থান তৃতীয়। মুশফিকের বয়স এখন চলছে ২৫ বছর। তিনি সদ্য ¯œাতকোত্তর ডিগ্রি নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে।
মুশফিক জাতীয় দলের হয়ে প্রথম খেলেন ২০০৫ সালে। সে বছর টেস্ট ক্রিকেটে অভিষেক হলেও পরের বছর ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় এই উইকেট কিপার-ব্যাটসম্যানের। দুবছর ধরে বাংলাদেশ ক্রিকেট দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১৯৪১ ঘ.
bdnews24