ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ৩৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ড্যারেন স্যামি এখন আকাশে উড়ছেন। সমালোচকদের দাঁতভাঙ্গা জবাব দেয়ার সুযোগও তার সামনে। তবে তাদের ‘ক্ষমা’ করে দিয়ে স্যামি জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজকে ক্রিকেট-পরাশক্তি হিসেবে আবার প্রতিষ্ঠিত করাই তার লক্ষ্য।
নেতৃত্ব নিয়ে কড়া সমালোচনা তো আছেই, ২৮ বছর বয়সী স্যামির দলে থাকা নিয়েও প্রায়ই প্রশ্ন তোলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটাররা। কিন্তু রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়ার পর সমালোচকদের প্রতি একটুও বিষোদগার করেননি তিনি।
ক্যারিবিয়ান সাগরের ছোট্ট দ্বীপ সেন্ট লুসিয়া থেকে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেয়া প্রথম ক্রিকেটার স্যামি এ প্রসঙ্গে বলেন, “সমালোচনা নিয়ে আমি কখনোই উদ্বিগ্ন ছিলাম না। আমার জীবনটা এক পথেই এগিয়ে যাচ্ছে। আমার তো মনে হয় প্রভু যিশু যদি জীবনে একটিও ভুল না করে ক্রুশবিদ্ধ হতে পারেন তাহলে ড্যারেন স্যামি কোথাকার কে? আর এটাই আমার জীবন দর্শন।”
“প্রত্যেকেরই নিজস্ব মতামত থাকে। তবে আমি যখন মাঠে নামি তখন সম্মান রক্ষার জন্যই খেলি,” জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের লোগো দেখিয়ে যোগ করেন সদা হাস্যময় স্যামি।
এক সময়ের মহাপরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে দীর্ঘ দিন ব্যর্থতার হতাশায় পুড়তে হয়েছে। নামতে-নামতে টেস্ট-ওয়ানডে দুটো র্যাঙ্কিংয়েই তারা এখন ৭ নম্বরে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সাফল্য ক্যারিবীয়দের বদলে দেবে বলেই স্যামির বিশ্বাস।
তিনি বলেন, “গত এক দশকে আমরা অনেকখানি এগিয়েছি। আশা করি এই সাফল্য দিয়ে আমরা সঠিক পথে আরো এগিয়ে যাব। এখনই যে ঘুরে দাঁড়িয়েছি তা আমরা বলতে চাই না। তবে এটা অবশ্যই সঠিক পথের দিকে একটি পদক্ষেপ। আশা করি দলীয় সংহতি ধরে রেখে ক্যারিবীয় জনগণকে আমরা গর্বিত করতে পারব।”
“আমি জানি জ্যামাইকা থেকে গায়ানায় উৎসব চলছে। ঈশ্বরকে ধন্যবাদ আজ রোববার ছিল। অন্য কোনো দিন হলে কেউ হয়তো কাজই করত না। আসলে এই অর্জন ক্যারিবীয় মানুষের জন্য অনেক কিছু,” যোগ করেন ওয়েস্ট ইন্ডিজের গর্বিত অধিনায়ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৩৮ঘ.
bdnews24