২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুঃসময় পেরিয়ে সাফল্যে উজ্জ্বল স্যামুয়েলস

এক যুগ দীর্ঘ ক্যারিয়ারে কম যন্ত্রণা সইতে হয়নি তাকে। তবে সব বাধা-বিপত্তি পেরিয়ে মারলন স্যামুয়েলস আজ সাফল্যের আলোয় উজ্জ্বল, ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ের নায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 12:48 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক যুগ দীর্ঘ ক্যারিয়ারে কম যন্ত্রণা সইতে হয়নি তাকে। তবে সব বাধা-বিপত্তি পেরিয়ে মারলন স্যামুয়েলস আজ সাফল্যের আলোয় উজ্জ্বল, ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ের নায়ক। প্রতিভা থাকলেও বিভিন্ন বিতর্কিত ঘটনায় জড়িয়ে পড়ায় স্যামুয়েলসের ক্যারিয়ার সেভাবে বিকশিত হতে পারেনি। বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছে, বল করার অধিকারও হারিয়েছেন আইসিসির নিষেধাজ্ঞায়। অ্যাকশন শুধরে সেই অধিকার ফিরেও পেয়েছেন অবশ্য। স্যামুয়েলসের ক্যারিয়ারকে থমকে দেয়া ঘটনা অবশ্য এখানেই শেষ নয়। ম্যাচ পাতানোর বাজিকরদের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে ২০০৮ সালে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর বেশ কয়েকটি ভালো ইনিংস খেললেও পাদপ্রদীপের আলো কখনোই পড়েনি তার ওপরে। শেষ পর্যন্ত রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এক অবিস্মরণীয় ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজের সাফল্যের স্থপতি স্যামুয়েলস। জনসন চার্লসের ব্যর্থতায় নামতে হয়েছে প্রথম ওভারেই। ষষ্ঠ ওভারে ক্রিস গেইলের বিদায় আর ১০ ওভার শেষে ২ উইকেটে ৩২ রান করা ক্যারিবীয়দের পরাজয় দেখে ফেলেছিল অনেকেই। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে স্যামুয়েলস খেললেন ৫৬ বলে ৭৮ রানের এক আক্রমণাত্মক ইনিংস। ৬টি বিশাল ছক্কা সমৃদ্ধ ঐ অসাধারণ ইনিংসের সুবাদে ওয়েস্ট ইন্ডিজ পেয়ে যায় ৬ উইকেটে ১৩৭ রানের লড়াই করার মতো সংগ্রহ। বল হাতেও সফল স্যামুয়েলস ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে তুলে নেন এক উইকেট। ফাইনালের সেরা খেলোয়াড় হওয়ার লড়াইয়ে তাই তার কোনো প্রতিদ্বন্দ্বীই ছিল না। ৩৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ এনে দিয়ে উচ্ছ্বসিত স্যামুয়েলস। তিনি বলেন, “সময়টা এখন উপভোগের। সারা পৃথিবী আমাদের হাতের মুঠোয়!” স্যামুয়েলসের বিশ্বাস, এই সাফল্য ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে পাল্টে দেবে। তিনি বলেন, “অতীতের আর বর্তমান ক্রিকেটারদের জন্য এটা এক দুর্দান্ত অর্জন। তারাই তো সম্মিলিতভাবে আমাদের দলটাকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেছেন। এই সাফল্য যতক্ষণ সম্ভব উদ্যাপন করব আমরা, উপভোগ করব এই মুহূর্তটাকে। তার ক্যারিয়ার যে উত্থান-পতনের এক প্রকৃষ্ট উদাহরণ, তা স্বীকার করতে অবশ্য দ্বিধা করেননি। এ প্রসঙ্গে স্যামুয়েলস বলেন, “আমার ক্যারিয়ার অনেক উত্থান-পতনের সাক্ষী। জীবনে অনেক কঠিন সময় এসেছে। তবে আমি সেই সব সময়কে সহজভাবে নিয়েছি আর কাটিয়ে দেয়ার চেষ্টা করেছি। মাঠের বাইরে আমাকে যে ধরনের পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয়েছে তার সঙ্গে আসলে ক্রিকেট মাঠের চাপের তুলনাই করা যায় না।” দুঃসময়ে পাশে থাকার জন্য গুরু আর পরিবারের প্রিয় সদস্যদেরও ধন্যবাদ জানিয়েছেন স্যামুয়েলস। তিনি বলেন, “আমার গুরু আমাকে সব সময় বলতেন, গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ার কারণেই আমার জীবনে এ ধরনের অস্বস্তিকর ঘটনা ঘটছে। তবে আমিও কখনো হাল ছেড়ে দেইনি। আমার ওপরে আমার পরিবারেরও পূর্ণ আস্থা ছিল। বাইরের মানুষ আমার সম্পর্কে কী ভাবল তাতে আমার কিছুই যায়-আসে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৩৮ঘ.