ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আম্পায়ার জীবনের ইতি টানতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সাইমন টফেল। কিন্তু এখনো তাকে তাড়িয়ে বেড়ায় পাকিস্তানে সফরকারী শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার ন্যক্কারজনক ঘটনা। ঐ ঘটনা ক্রিকেট এবং তার ব্যক্তিগত জীবনেও অনেক পরিবর্তন নিয়ে এসেছে বলে মনে করেন টফেল।
২০০৯ সালের মার্চে লাহোরে হোটেল থেকে গাদ্দাফি স্টেডিয়ামে যাওয়ার সময় সন্ত্রাসী হামলার শিকার হয় শ্রীলঙ্কা দলের বাস। ঐ হামলায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ জন নিহত এবং শ্রীলঙ্কার ৭ জন ক্রিকেটার আহত হন। ক্ষোভে ফেটে পড়ে ক্রিকেট বিশ্ব, পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটও বন্ধ হয়ে যায়।
রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ বারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারের দায়িত্ব পালন করতে যাওয়া টফেল আজো ভুলতে পারেননি সেই দুঃস্মৃতি। সেই লাহোর টেস্টে দায়িত্ব পালন করা টফেল বলেন, “ঐ ঘটনা ব্যক্তিগতভাবে আমার মধ্যে এবং ক্রিকেটেও অনেক পরিবর্তন এনেছিল। এখনও যে বেঁচে আছি তাতেই আমার পরিবার দারুণ খুশি। সেদিন আমার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার অনুভূতি ছিল একেবারেই ভিন্ন।”
২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত টানা পাঁচ বার আইসিসি বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার বিজয়ী টফেল অবসরের পর আইসিসির আম্পায়ার পারফরম্যান্স ও প্রশিক্ষণ ব্যবস্থাপকের দায়িত্ব নিতে যাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০২০ঘ.
bdnews24