ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিছিয়ে যেতে পারে চতুর্দশ জাতীয় ক্রিকেট লিগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির সভাপতি গাজী আশরাফ হোসেন লিপু এমন ইঙ্গিত দিয়েছেন।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি বলেন, “জাতীয় লিগ হয়তো পিছিয়ে যেতে পারে। তবে এখনই আমরা এ সংক্রান্ত কোনো ঘোষণা দিচ্ছি না। গভর্নিং কাউন্সিলের মিটিং শেষে ৯ বা ১০ তারিখে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হতে পারে।”
বিসিবির সূচী অনুযায়ী ১৪ অক্টোবর থেকে জাতীয় লিগের চার দিনের ম্যাচের প্রতিযোগিতা শুরু হওয়ার কথা। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ আয়োজনের আলোচনা অনেক দিন ধরে চলছে। তবে এখনও পর্যন্ত এ ব্যাপারে তেমন এগোতে পারেনি বিসিবি। মাত্র একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে তারা।
এ প্রসঙ্গে লিপু বলেন, “আমরা সর্বাত্মক চেষ্টা করছি। ছয়টি প্রতিষ্ঠান ছয় দলের মালিকানা নেয়ার ব্যাপারে আগ্রহী। আশা করি বাকি পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে শিগগিরই চুক্তি সম্পন্ন করা সম্ভব হবে।”
“তবে সেজন্য কিছুটা সময়ের প্রয়োজন। প্রতিষ্ঠানগুলো দল গোছানোর জন্য সময়ও চেয়েছে। তাই ১৪ অক্টোবর সম্ভবত লিগ শুরু হচ্ছে না,” যোগ করেন তিনি।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, অক্টোবরের তৃতীয় সপ্তাহে লিগ শুরু হতে পারে।
এর আগে জাতীয় লিগে দল পরিচালনার একক ক্ষমতা ছিল বিভাগীয় ক্রীড়া সংস্থার হাতে। বিসিবির ফ্র্যাঞ্চাইজি ভিত্তিতে লিগ আয়োজনে সিদ্ধান্তে তারা ভীষণ ক্ষুব্ধ। লিগ শুরু হওয়ার আগে তাদের ক্ষোভ প্রশমন করারও প্রয়োজন বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯০৭ঘ.
bdnews24