২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারের মনে অবসর-ভাবনা

৩৯ বছর হয়ে গেছে প্রায় ছয় মাস আগে। তার বয়সী আর কেউ আন্তর্জাতিক ক্রিকেটে নেই। শচীন টেন্ডুলকারের মনেও উঁকি দিচ্ছে অবসরের ভাবনা। তবে বিদায় নেয়ার দিনক্ষণ এখনো জানাননি ব্যাটিং-কিংবদন্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 01:05 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ৩৯ বছর হয়ে গেছে প্রায় ছয় মাস আগে। তার বয়সী আর কেউ আন্তর্জাতিক ক্রিকেটে নেই। শচীন টেন্ডুলকারের মনেও উঁকি দিচ্ছে অবসরের ভাবনা। তবে বিদায় নেয়ার দিনক্ষণ এখনো জানাননি ব্যাটিং-কিংবদন্তি। গত বছর ওয়ানডে বিশ্বকাপ জিতে ক্রিকেট থেকে শেষ ইচ্ছাপূরণ করা টেন্ডুলকারের ব্যাট হাতে অজস্র কীর্তি। আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র তিনিই ১০০টি শতকের মালিক। কিন্তু ইদানীং তার সময়টা ভালো যাচ্ছে না। অগাস্ট-সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তিন বার প্রায় একই ভাবে বোল্ড হওয়ায় পর থেকেই তার অবসর নিয়ে জল্পনা-কল্পনা চলছে। অনেকেরই ধারণা, ২৩ বছর বোলারদের শাসন করা টেন্ডুলকারের এখন ক্রিকেটকে বিদায় জানিয়ে দেয়া উচিৎ। টেন্ডুলকারের জন্য এমনই এক অস্বস্তিকর সময়ে তার মুখোমুখি হয়েছিল ভারতের ‘টাইমস নাউ’ চ্যানেল। চ্যানেলটির সাংবাদিকের অবসর সংক্রান্ত প্রশ্নের জবাবে ইতিহাসের সফলতম ব্যাটসম্যান বলেন, “হ্যাঁ, অবশ্যই। যদি বলি (অবসরের কথা) ভাবছি না তাহলে মিথ্যা বলা হবে।” “আমার বয়স ৩৯ পেরিয়ে গেছে। এখন এটা নিয়ে ভাবা অস্বাভাবিক কিছু নয়। বরং এটাই স্বাভাবিক,” যোগ করেন টেন্ডুলকার। যে কোনো সময় ঘোষণাটা দেয়ার ইঙ্গিত দিয়ে তিনি আরো বলেন, “আমরা মন যা বলবে আমি তাই করব। এখন সব কিছু ঠিক-ঠাকই আছে। আমাকে এখন প্রতিটি সিরিজ ধরে চিন্তা-ভাবনা করতে হবে।” অস্ট্রেলিয়ার প্রবাদপ্রতিম ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যান অবসর নিয়ে তাকে একটা পরামর্শও দিয়েছিলেন। সেই প্রসঙ্গ টেনে টেন্ডুলকার বলেন, “স্যার ডন ব্র্যাডম্যানের ৯০তম জন্মদিনে যখন আমি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তখন তিনি আমাকে বলেছিলেন, ৩০ বছর পেরনোর পর এক জন ব্যাটসম্যানের জীবনে পরিবর্তন আসা স্বাভাবিক।” “তবে ৩০ পেরনোর পর গত ৯ বছর আমি ভালোই খেলেছি। বয়স বাড়ার সঙ্গে-সঙ্গে যে কারো মধ্যে মন্থরতা চলে আসা খুবই স্বাভাবিক ব্যাপার। আমি সাধারণ মানুষ, আমার ক্ষেত্রেই বা তা ঘটবে না কেন?” প্রশ্ন রাখেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯০২ঘ.