ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সীমিত ওভারের ক্রিকেটে কোনো বিশ্বকাপ জিততে না পারাকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের ‘গাঢ় কুয়াশা’ হিসেবে বর্ণনা করেছেন দলের কোচ গ্যারি কার্স্টেন।
আইসিসি টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ দল দক্ষিণ আফ্রিকা প্রতিবার অন্যতম ফেভারিট হিসেবে এলেও ৫০ বা ২০ ওভারের ম্যাচের কোনো বিশ্বকাপ জেতেনি। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের সব ম্যাচ হেরে সেমিফাইনালের আগেই বিদায় নিয়েছে দলটি।
এক সংবাদ সম্মেলনে কার্স্টেন বলেন, বর্তমান খেলোয়াড়দেরই ‘চোকার’ পরিচয় থেকে দলকে বের করে আনতে হবে।
তিনি বলেন, “এই টুর্নামেন্টে প্রচণ্ড রকম চাপ ছিল কিন্তু এ ব্যাপারে আমরা সম্পূর্ণ সচেতন ছিলাম। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার যে পরিণতি হয়, এখানেই তাই হয়েছে। এটা একট ঘন কুয়াশার মত পুরো দলের ওপর চেপে বসেছে, এর থেকে বের হয়ে আসার দায়িত্ব আমাদেরই।”
“সম্মিলিতভাবে সবাই এর দ্বারা প্রভাবিত হচ্ছে। আমাদের দায়িত্ব দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে যে পরিস্থিতি তা থেকে বের হয়ে আসা,” যোগ করেন তিনি।
তিনি বলেন, “আমরা একটা কিছু জিততে চাই। সামনের জুনে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, ২০১৪ সালে টি-টোয়েন্টি ও ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপ রয়েছে। এর যে কোনো একটা সমর্থকদের জন্য আমরা জিততে চাই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯০৮ ঘ.
bdnews24