২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলে ফিরতে বাধা নেই পিটারসেনের

কেভিন পিটারসেনের সমস্যার সমাধান শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ড দলে তার ফেরার প্রক্রিয়াও শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 04:28 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেভিন পিটারসেনের সমস্যার সমাধান শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ড দলে তার ফেরার প্রক্রিয়াও শুরু হয়েছে। বুধবার এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, “ইংল্যান্ড দলে তার ফেরার প্রক্রিয়া নিয়ে সমঝোতা হয়েছে। নির্বাচকরা ভবিষ্যত ম্যাচগুলোর জন্য কেভিনকে বিবেচনা করছেন। এই গ্রীষ্মকে ভুলে সামনের দিকে এগোতে চান তিনি। অ্যান্ড্রু স্ট্রাউসের কাছে এরই মধ্যে ক্ষমা চেয়েছেন কেভিন।” গত অগাস্টে ইংল্যান্ডের সে সময়ের টেস্ট অধিনায়ক স্ট্রাউস সম্পর্কে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের ‘আপত্তিকর’ এসএমএস পাঠানোর দায়ে দল থেকে বাদ পড়েন ‘কেপি’ নামে ক্রিকেট-বিশ্বে পরিচিত এই আক্রমণাত্মক ব্যাটসম্যান। টি-টোয়েন্টি বিশ্বকাপের টেলিভিশন ধারাভাষ্যকার হিসেবে এখন কলম্বোয় থাকা পিটারসেন এক সংবাদ সম্মেলনে বলেন, “গত দু মাসে যে পরিস্থিতির উদ্ভব হয়েছিল তার জন্য আমার সব সতীর্থ, ইংল্যান্ডের সব সমর্থক এবং ইসিবির কাছে আমি ক্ষমাপ্রার্থী।” “আগামী সপ্তাহগুলোয় দলে ফেরার প্রক্রিয়া শেষ করার ব্যাপারে আমি প্রতিশ্র“তিবদ্ধ। ইংল্যান্ডের হয়ে সব ফরম্যাটে আবারো আমার ক্যারিয়ার শুরু করতে চাই। অন্তত ২০১৫ সাল পর্যন্ত বা যতদিন শরীর সাড়া দেয় ততদিন জাতীয় দলের হয়ে খেলতে চাই,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২২৩ঘ.