ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে মঙ্গলবারের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৩২ রানে হারলেও সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। তাদের হারিয়ে অপেক্ষায় ছিল পাকিস্তানও। দিনের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নাটকীয় ভাবে ১ রানে হারালেও শ্রেয়তর নেট রান রেটে ভারতকে (-০.২৭) টপকে টানা চতুর্থবারের মত সেমিফাইল নিশ্চিত করে পাকিস্তান (+০.২৭)।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৯ রান করে পাকিস্তান। জবাবে ৭ উইকেটে ১১৭ রানেই থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ রানেই শেন ওয়াটসন ও ডেভিড ওয়ার্নারের বিদায়ে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। ওয়াটসন (৮) রাজা হাসানের বলে ও ওয়ার্নার (৮) মোহাম্মদ হাফিজের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন।
এক প্রান্তে মাইক হাসি সাবলীল থাকলেও অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় এক সময় সেমিফাইনাল নিশ্চিত করা নিয়ে শঙ্কায় পড়ে যায় গত আসরের রানার্সআপরা। ৬৫ রানে ৬ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যাওয়া অস্ট্রেলিয়াকে বিপদমুক্ত করে ষষ্ঠ উইকেটে হাসি ও ম্যাথু ওয়েডের (১৩) ৪৫ রানের জুটি।
শেষ পর্যন্ত বিশতম ওভারের প্রথম বলে চার মেরে অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নিশ্চিত করেন হাসি (৫৪*)। তার ৪৭ বলের ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কা। সেমিফাইনাল নিশ্চিত করতে পাকিস্তানের বিপক্ষে ১১২ রান করলেই চলতো অস্ট্রেলিয়ার।
১৭ রানে ৩ উইকেট নিয়ে সাঈদ আজমল পাকিস্তানের সেরা বোলার। তবে এতে হাসান (২/১৪) ও হাফিজেরও (২/২২) দারুণ অবদান।
এর আগে ব্যাট করতে নেমে ২৯ রানেই সাজঘরের পথ ধরেন পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান। তৃতীয় উইকেটে কামরান আকমলের (২৬ বলে ৩২) সঙ্গে নাসির জামশেদের ৭৯ রানের জুটি ২ উইকেটে ১০৮ রানের শক্ত ভিতের ওপর দাঁড় করা পাকিস্তানকে।
দলীয় ১০৮ রানে তিন বলের মধ্যে কামরান ও জামশেদের (৫৫) বিদায়ে বড় একটা ধাক্কা খায় সাবেক চ্যাম্পিয়নরা। জামশেদের ৪৬ বলের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা। সেখান থেকে আব্দুর রাজ্জাকের ২২ রানের সৌজন্যে অস্ট্রেলিয়াকে দেড়শ রানের লক্ষ্য ছুড়ে দেয় পাকিস্তান।
২০ রানে ৩ উইকেটে নিয়ে মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৪০ ঘ.
bdnews24