২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিভাগে নেমে গেল সূর্যতরুণ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নবম পর্বের খেলায় সময় মতো মাঠে পৌঁছাতে না পারায় প্রথম বিভাগে নেমে গেছে সূর্যতরুণ। আর ওয়াক ওভার পেয়েছে প্রতিপক্ষ কলাবাগান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 03:53 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নবম পর্বের খেলায় সময় মতো মাঠে পৌঁছাতে না পারায় প্রথম বিভাগে নেমে গেছে সূর্যতরুণ। আর ওয়াক ওভার পেয়েছে প্রতিপক্ষ কলাবাগান। মঙ্গলবার সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) দুই নম্বর মাঠে সকাল ৯টা থেকে শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। নিয়মানুযায়ী খেলা শুরু হওয়ার ৩০ মিনিট আগে টস হওয়ার কথা। কিন্তু রাস্তায় অপ্রত্যাশিত গণ্ডগোলের কারণে সময় মতো মাঠে পৌঁছাতে পারেনি সূর্যতরুণ। ম্যাচ রেফারি সামিউর রহমান জানান, “সকাল ৯ টা ৫৮ মিনিটে সূর্যতরুণ মাঠে পৌঁছানোর পর দু দলের কাছে ওভার কমিয়ে ম্যাচে অংশ নেয়ার প্রস্তাব রাখা হয়েছিলো। কিন্তু কোনো দলই এই প্রস্তাবে রাজি হয়নি। নিয়মানুযায়ী এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য লিগের নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসকে (সিসিডিএম) জানানো হয়।” সিসিডিএমের সদস্য সচিব ইকবাল ইউসুফ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ (মঙ্গলবার) সভায় বসে সূর্যতরুণের বিপক্ষে কলাবাগানকে ওয়াক ওভার দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর প্রথম বিভাগে নামিয়ে দেয়া হয়েছে সূর্যতরুণকে।” এছাড়া সূর্যতরুণের বিপক্ষে পাওয়া কোনো পয়েন্টই যোগ হবে না পয়েন্ট তালিকায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৪৭ঘ.