ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত বিশ্বকাপ জেতার পরই শচীন টেন্ডুলকারের অবসর নেয়া উচিৎ ছিলো বলে মনে করেন পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার ইমরান খান।
পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, “আমরা মাথা উঁচু করে বিদায় নিতে চাই। তবে সবাই সেই সুযোগ পায় না। শচীনের সামনে বিশ্বকাপের পরই সময়টা এসেছিলো।”
“একজন খেলোয়াড়ের পক্ষে অবসরের সঠিক সময় বেছে নেয়া বেশ কঠিন। অনেক কিংবদন্তী খেলোয়াড় অবসরের সঠিক সময় বেছে নিতে ব্যর্থ হয়েছেন। ভারতের অবশ্য একজন নয়, তিন/চার জনের সামনে অবসরের সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ভারত তাদের বিকল্প পেয়েছে কি না। তরুণদের সঙ্গে পুরনোদের মানের ফারাক খুব বেশি হলে আপনাকে পুরনোদের ওপরেই নির্ভর করতে হবে,” যোগ করেন তিনি।
টেন্ডুলকারের শততম শতক প্রসঙ্গে ইমরান বলেন, “রেকর্ড ভাঙ্গার জন্য কেউ খেলে না। রেকর্ড জয়েরই অংশ। শচীন অসাধারণ খেলোয়াড়। ৯৯ বা ১০০টি শতকের জন্য আমি কি শচীনকে ভিন্ন চোখে দেখবো? অবশ্যই না।”
“তবে আমি যাদের বিপক্ষে খেলেছি তাদের মধ্যে ভিভ রিচার্ডসই ছিলেন সেরা। আমার অন্তত তার রেকর্ড দেখার দরকার নেই। তিনি অসাধারণ খেলোয়াড় ছিলেন। কারণ তিনি চ্যালেঞ্জ নিতে ভালোবাসতেন। আসলে রেকর্ড শেষ পর্যন্ত পরিসংখ্যান ছাড়া আর কিছু নয়। আর গ্রেট খেলোয়াড়দের ক্ষেত্রে পরিসংখ্যান তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়,” যোগ করেন সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার।
বিদেশের মাটিতে টানা আটটি টেস্ট হেরেছে ভারত। টেস্ট ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির দলের ব্যর্থতার জন্য টি-টোয়েন্টি বা আইপিএলের প্রতি আসক্তিকেই দায়ী করছেন ইমরান।
তিনি বলেন, “ভারতের ফর্ম বর্ণনা করতে আমি একটি শব্দই ব্যবহার করবো......ধারাবাহিক! বিদেশের মাটিতে টানা আটটি টেস্টে হার ভারতীয় ক্রিকেটের জন্য বিরাট সতর্কবার্তা।”
“কয়েক মাস আগে বিশ্বকাপ জেতার পাশাপাশি টেস্ট র্যাংকিংয়েরও শীর্ষে থাকা দলটির বর্তমানে কী বাজে অবস্থা! টি-টোয়েন্টিকে বেশি গুরুত্ব দিলে তাদের আরো মাশুল দিতে হবে,” যোগ করেন সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে স্বীকৃত ইমরান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০১৩ঘ.
bdnews24