ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট সিরিজে ভারতের বিপক্ষে ৪-০ ব্যবধানে জিততে চেয়ে ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। আর অ্যাডিলেডে এখন তিনি দাঁড়িয়ে আছেন জয় থেকে মাত্র চার উইকেট দূরে। অন্য দিকে জয়ের জন্য ভারতের দরকার আরো ৩৩৪ রান। শুক্রবার চতুর্থ দিন শেষে দলটি দ্বিতীয় পালায় রান তুলেছে ছয় উইকেটে ১৬৬।
ইশান্ত শর্মা উইকেটে আছেন ২ রান নিয়ে। অপর অপরাজিত ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা এখনো হিসেবের খাতা খুলতে পারেননি।
অস্ট্রেলিয়া প্রথম পালায় সাত উইকেটে ৬০৪ রান করে দান ছেড়ে দেয়। ভারত জবাব দেয় ২৭২ রান তুলে। ৩৩২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় পালায় ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে ১৬৭ রান করে আবারো দান ছেড়ে দেয় স্বাগতিকরা। ফলে সফরকারীদের জয়ের লক্ষ্য দাঁড়ায় পাঁচ শ’ রান।
চার ম্যাচের টেস্ট সিরিজ এরই মধ্যে অস্ট্রেলিয়া জিতে নিয়েছে ৩-০ ব্যবধানে।
অ্যাডিলেড ওভালে চতুর্থ ও শেষ টেস্টে জয়ের ‘অসম্ভব-লক্ষ্য’ তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ভারত। দলীয় মাত্র ১৪ রানের মাথায় সাজঘরের পথ ধরেন উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর (৩)।
এ অবস্থায় হাল ধরেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ ও রাহুল দ্রাবিড়। দ্বিতীয় উইকেট জুটিতে ৬৭ রান তুলে বিপদ থেকে দলকে টেনে তুলতে না তুলতে বিদায় নেন শেবাগ। দলের রান তখন ৮০। টেস্ট নয়, যেন একদিনের ক্রিকেট খেলতে নেমেছিলেন এই ম্যাচের অধিনায়ক শেবাগ। ৬২ রান করেন তিনি মাত্র ৫৩ বলে। সীমানার ওপারে বল পাঠান ১২ বার।
আর ২০ রান পর রাহুল দ্রাবিড় (২৫) ও ১১০ রানের মাথায় শচীন টেন্ডুলকার (১৩) বিদায় নিলে রীতিমতো খাদে পড়ে যায় ভারত।
পঞ্চম উইকেট জুটিতে ভিভিএস লক্ষ্মণ ও আগের ইনিংসে জীবনের প্রথম টেস্ট শতক পাওয়া বিরাট কোহলি দলের সঙ্গে যোগ করেন ৫২ রান। ১৬২ রানের মাথায় লক্ষ্মণ (৩৫) ও চার রান পর কোহলি (২২) সাজঘরে ফিরে গেলে ভারতের হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।
লক্ষ্মণ তার ৮৮ বলের ইনিংসটি সাজান চারটি চার দিয়ে।
অস্ট্রেলিয়ার পক্ষে নাথান লায়ন তিন উইকেট নেন ৫৭ রানে। আর ২৫ রানে দুই উইকেট নেন রায়ান হ্যারিস।
সকালে তিন উইকেটে ৫০ রান নিয়ে দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান ক্লার্ক তার ৯ রানের ইনিংসটিকে টেনে নিয়ে গিয়ে থামেন ৩৭-এ। উমেশ যাদবের বলে উইকেটের পেছনে সাহার হাতে ধরা পড়ে তিনি যখন বিদায় নেন তখন দলের রান ছিল ১১১।
ক্লার্কের দান ছেড়ে দেয়ার সময় আগের দিনের অপর অপরাজিত ব্যাটসম্যান সাবেক অধিনায়ক রিকি পন্টিং অপরাজিত ছিলেন ৬০ রানে। অপর প্রান্তে ১১ রানে অপরাজিত ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্র্যাড হ্যাডিন।
এর আগে ১৪৭ রানের মাথায় পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন মাইক হাসি। তার ব্যাট থেকে আসে ১৫ রান।
ভারতের পক্ষে রবীচন্দ্রন অশ্বিন দুই উইকেট নেন ৭৩ রানে। এছাড়া একটি করে উইকেট ভাগাভাগি করে নেন যাদব, শর্মা ও জহির খান। এ জন্য যাদবের খরচ হয় ২৩ রান, শর্মার ২৭ ও জহিরের ৩৮।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪০০ ঘ,
bdnews24