ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি শনিবার বলেছেন, তিনি পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চান এবং এ ব্যাপারে অনেক দেশের তারকা ক্রিকেটারও আগ্রহ দেখিয়েছেন।
২০০৯ সালের মার্চে লাহোরে সফররত শ্রীলঙ্কা দলের ওপর সশস্ত্র জঙ্গি হামলার পর থেকে দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে। ওই হামলায় আটজন নিহত হয় এবং শ্রীলঙ্কার সহকারী কোচ ও সাত খেলোয়াড় আহত হন।
আফ্রিদি মনে করেন পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটকে ফেরাতে সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন হবে। প্রদর্শনী ম্যাচ খেলার ব্যাপারে বিদেশি খেলোয়াড়দের সঙ্গে তিনি আলোচনাও করেছেন।
৩১ বছর বয়সী অলরাউন্ডার বলেন, “বিভিন্ন দেশের উপরের সারির ক্রিকেটারদের সঙ্গে একটি প্রদর্শনী ম্যাচের ব্যাপারে আলোচনা করেছি। ডাবল-উইকেট প্রতিযোগিতার জন্য পাকিস্তান সফরের ব্যাপারে তাদের কাছ থেকে ভালো সাড়াও মিলেছে।”
নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি ও জ্যাকব ওরাম, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এবং শন টেইটসহ অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে ওই প্রস্তাব নিয়ে তিনি আলোচনা করেছেন বলেও জানান আফ্রিদি।
ভারতের কয়েকজন ক্রিকেটারকেও রাজি করানোর চেষ্টা করছেন বলে জানান আফ্রিদি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফও দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরোনার জন্য চেষ্টা করছেন। আশারাফ আশা করছেন এপ্রিলে প্রথম দল হিসেবে পাকিস্তান সফরে আসবে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২২০২ ঘ.
bdnews24